দক্ষিণের সাথে অনাক্রমণ চুক্তি বাতিল করেছে উত্তর কোরিয়া
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ২১:২৩
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরো নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ভোটের পর ক্রুদ্ধ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সাথে অনাক্রমণ চুক্তি বাতিল করেছে। শুক্রবার এক বিবৃতিতে ্উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয় সেদেশের সীমান্ত আক্রান্ত হলে চরম প্রতিশোধ নেবে দেশটি। এতে আরো জানানো হয় তারা পূর্বের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকেও সরে আসছে। এর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগ বাড়িয়ে পরমাণু হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব ওঠার আগ মুহূর্তে দেশটি এ হুমকি দেয়।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধ শুরুর পথ প্রস্তুত করছে বলে অভিযোগ করে আসছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধ বাধানোর উপক্রম করায় আমরাও চূড়ান্তভাবে আমাদের স্বার্থরক্ষায় আগ্রাসী শক্তির সদর দপ্তরগুলোতে আগাম পরমাণু হামলা চালানোর অধিকার প্রয়োগ করব।’ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ বিবৃতি প্রকাশ করে। যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয়ায় পর উত্তর কোরিয়া এখন যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া চলাকালীন সামরিক ব্যবস্থা নেয়ার অধিকার রাখে বলে জানান উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র।
উত্তর কোরিয়া এর আগে ১২ ফেব্রুয়ারিতে জাতিসংঘ নিষেধাজ্ঞা উপেক্ষা করে তৃতীয়বারের মতো পরমাণু বোমার পরীক্ষা চালায় এবং পরমাণু অস্ত্রভাণ্ডার গড়ে তোলায় অগ্রগতির আভাস দেয়। তবে যুক্তরাষ্ট্রের মাটিতে দেশটির পরমাণু হামলা চালানোর সক্ষমতা এখনো নেই বলেই মনে করা হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার উত্তর কোরিয়াকে তৃতীয় পরমাণু বোমা পরীক্ষার শাস্তি দিতে পিয়ংইয়ং-এর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তাবে ভোট দেয়।