শ্রদ্ধা জানাতে শ্যাভেজের মরদেহ সংরক্ষিত থাকবে ৭ দিন

ভেনেজুয়েলার সরকার ঘোষণা করেছে যে, দেশটির প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের প্রতি দেশবাসীর শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আরো সাতদিন রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হবে। রাষ্ট্রীয় মর্যাদায় ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট শ্যাভেজের শেষকৃত্য সম্পন্ন হয়েছে গতকাল শুক্রবার। এরপর তাকে সমাহিত করার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করে দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, মি. শ্যাভেজের অন্ত্যেষ্টিক্রিয়ার পর এখন তার মরদেহ আরো সাতদিন সংরক্ষণ করে রাখা হবে। খবর বিবিসি, আল জাজিরা ও ডন অনলাইনের। প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে জড়ো হওয়া লাখ লাখ ভক্ত-সমর্থক সবাই যেন শেষবারের মতো তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সে কারণেই এ সিদ্ধান্ত। ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, মিস্টার শ্যাভেজের মৃতদেহ রাশিয়ার বিপ্লবী নেতা লেনিনের অনুরূপ সংরক্ষণ করে রাখা হবে। তিনি বলেন, প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে কুড়ি লাখেরও বেশি মানুষের টানা অপেক্ষার প্রেক্ষাপটে তার শেষকৃত্যানুষ্ঠান বিলম্বিত করার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। হুগো শ্যাভেজের মনোনীত ভাইস প্রেসিডেন্ট মি. মাদুরো আরো বলেন, আগের পরিকল্পনা অনুযায়ী শুক্রবারই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর প্রয়াত প্রেসিডেন্টকে নেয়া হবে মিলিটারি মিউজিয়ামে। সেখানে তিনি বিশ্রাম নেবেন এবং অন্তত আরো সাতদিন ভক্তরা তাকে শ্রদ্ধা জানাতে পারবেন। তিনি আরো বলেন, রাশিয়ার বিপ্লবী নেতা লেনিনের মতো শ্যাভেজের মরদেহ সংরক্ষণ করে রাখা হবে। প্রায় দুই বছর ধরে ক্যান্সারে ভুগে গত মঙ্গলবার ৫৮ বছর বয়সে কারাকাসের এক হাসপাতালে মারা যান হুগো শ্যাভেজ। এর আগে কিউবাতে তার শরীরে একাধিক অস্ত্রোপচার হয়। মি. শ্যাভেজের মৃত্যুতে সাতদিনের জাতীয় শোক পালন করছে ভেনেজুয়েলা। কারাকাসের সামরিক একাডেমিতে তার মরদেহ সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হলে প্রিয় নেতাকে একনজর দেখতে লাখ লাখ মানুষের ঢল নামে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শোকার্ত মানুষকে। শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে প্রতিবেশী অঞ্চলের নেতারা রাজধানী কারাকাসে সমবেত হন।