বিন লাদেনের মুখপাত্র সুলাইমান গ্রেফতার

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের মুখপাত্র বলে পরিচিত সুলাইমান আবু ঘাইতকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। সুলাইমানকে গত সপ্তায় জর্ডানে গ্রেফতার করা হয় বলে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের আইন প্রণেতা পিটার কিং বৃহস্পতিবার জানিয়েছেন। সুলাইমান আবু ঘাইত আল কায়েদার নিহত শীর্ষ নেতা বিন লাদেনের জামাতা। তিনি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক এর বিশ্ব বাণিজ্য সংস্থায় (টুইন টাওয়ার) হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে শুক্রবার সুলাইমানকে একটি কেন্দ্রীয় আদালতে হাজির করার কথা রয়েছে। আল কায়েদায় সুলাইমানের অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। কুয়েতি নাগরিক সুলাইমান ছিলেন একজন শিক্ষক ও কুয়েতের একটি মসজিদের ইমাম। কিন্তু ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর তার কুয়েতের নাগরিকত্ব বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রের আইন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সুলাইমান ২০০১ সালের মে মাস থেকে ২০০২ পর্যন্ত বিন লাদেনের পাশে থেকে কাজ করেছেন। তিনি আল কায়েদার পক্ষ থেকে কথা বলতেন এবং বিশ্বব্যাপী ১১ সেপ্টেম্বরের মতো আরো হামলা চালানো হবে বলে হুমকি দিতেন। বিশেষ করে ২০০১ সালের ১২ সেপ্টেম্বর বিন লাদেন ও আয়মান আল জাওয়াহিরির সঙ্গে সুলাইমান একসঙ্গে উপস্থিত হয়ে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছিলেন, ‘মহান যোদ্ধারা তোমাদের (যুক্তরাষ্ট্র) বিরুদ্ধে একত্রিত হচ্ছে।’ ইসলামের নামে ‘ইহুদি, খ্রিস্টান এবং আমেরিকানদের’ বিরুদ্ধে জেহাদেরও ডাক দিয়েছিলেন তারা। ২০০২ সালে কিছু সময়ের জন্য ইরানে চোরাচালানীর কাজেও যুক্ত ছিলেন সুলাইমান। জর্ডানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তায় সুলাইমানকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হয়েছে। দুই দেশের বন্দি বিনিময় চুক্তির আলোকেই সেটা করা হয়েছে।