মতলব-শ্রীরায়েরচর মহাসড়কে অতিরিক্ত গতিরোধক
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ২১:২৮
চাঁদপুরের মতলব-শ্রীরায়েরচর মহাসড়কে ১৫ কিলোমিটারের মধ্যে গতিরোধক রয়েছে ২০টি। এতে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে যাতায়াত করছে বিভিন্ন রকমের গাড়ি। এই মহাসড়কে ঢাকার সাথে যোগাযোগের সুবিধা ও সময় কম লাগাতে মতলব দক্ষিণ, চাঁদপুর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহারাস্তি, রামগঞ্জ, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার লোকজন এই মহাসড়ক দিয়ে যাতায়াত করে। তাই এ মহাসড়কটি দিনের পর দিন আরো গুরুত্বপূর্ণ হচ্ছে। মতলব থেকে শ্রীরায়েরচর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের মধ্যে রয়েছে ২০টি গতিরোধক। সাধারণত দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য ও গাড়ির গতিরোধের জন্য এই গতিরোধকগুলো দেয়া হয়েছে। কিন্তু এই গতিরোধকগুলোর কারণেই বাড়ছে দুর্ঘটনা। সম্প্রতি হরিণা কবরস্থান সংলগ্নে গতিরোধক অতিক্রম করার সময় মিনি পিকআপ এর সাথে মোটর সাইকেলের সংঘর্ষে নিহত হয় উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান। এছাড়াও এই মহাসড়কে নিত্যই ঘটছে ছোট-বড় অনেক দুর্ঘটনা। মতলব উত্তর উপজেলার মতলব-শ্রীরায়েরচর মহাসড়কের হরিণা কবরস্থান সংলগ্ন এলাকায় প্রভাবশালী নেতাদের কারণেই ১০০ গজের মধ্যে দেয়া হয়েছে ৩টি গতিরোধক। গতিরোধকগুলোতে চোখে পড়ার মতো কোন ধরনের রং না করায় অনেক সময় গাড়ি চালকরা এই গতিরোধকগুলো ঠিকমত দেখতে পায় না। তাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটছে।
এ ব্যাপারে মতলব উত্তর উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভায় গতিরোধকগুলোর উপর রং দিয়ে চিহ্নিত করার লক্ষ্যে বেশ কয়েকবার সিদ্ধান্ত হলেও তা কার্যকর করা হচ্ছে না।