আজ সিদ্দিকুরের দ্বিতীয় এশিয়ান ট্যুর!
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ২১:২৮
ব্রুনাই ওপেন জিতে রাতারাতি গলফ বিশ্বে বাংলাদেশকে এক পরিচিত নাম করে তুলেছিলেন সিদ্দিকুর রহমান। তারপর থেকে কয়েকটি এশিয়ান ট্যুরের কাছাকাছি গেলেও শিরোপা জেতা হয়নি। অবশেষে নয়াদিল্লীতে ক্যারিয়ারের দ্বিতীয় এশিয়ান ট্যুর জয়ের উজ্জ্বল সম্ভাবনা তৈরি করেছেন সিদ্দিকুর। আজ শেষ দিনে নিজের অবস্থান ধরে রাখতে পারলেই চ্যাম্পিয়ন হয়ে যাবেন তিনি।
নয়াদিল্লীতে চলমান সেইল-এসবিআই ওপেনের তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে রয়েছেন ব্রুনাই ওপেন জয়ী এই গলফার। বুধবার শুরু হওয়া চার রাউন্ডের এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড পর্যন্ত দুর্দান্ত খেলে যাচ্ছেন সিদ্দিকুর। টানা তিন রাউন্ডেই পারের চেয়ে চার শট করে কম (৬৮ শট) নিয়েছেন। ২৯ বছরের এই গলফার সবমিলিয়ে পারের চেয়ে ১২ শট এগিয়ে রয়েছেন সিদ্দিকুর। শুক্রবার ১৮ হোলের পাঁচটিতেই বার্ডি পেয়েছেন তিনি। তিন লাখ মার্কিন ডলারের এই প্রতিযোগিতায় আর এক রাউন্ড খেলা বাকি রয়েছে। এশিয়ান ট্যুর শিরোপা হাতছানি দেওয়া সিদ্দিকুরকে শনিবার পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এটা করতে পারলে ২০১০ সালের ব্রুনাই ওপেনের পর এশিয়ান ট্যুরে দ্বিতীয় শিরোপা জিতবেন তিনি। তৃতীয় রাউন্ড শেষে সিদ্দিকুর বলেন, ‘ধারাবাহিকতার মধ্যেই রয়েছি আমি। তিন রাউন্ডেই পুরো ৬৮ শটে খেলতে পেরে আমি খুশী। আসলে প্রত্যেক হোলেই পার অনুযায়ী খেলে যাওয়ার চেষ্টা করছি। যা আমার খেলায় খুব কাজে দিয়েছে।’
তৃতীয় রাউন্ডে ১৬তম হোলের খেলায় ৪০ ফুট দূর থেকে নিশানায় বল ফেলে বার্ডি করে বাজিমাত করেন সিদ্দিকুর। তবে দিন শেষে ওই বার্ডির চেয়ে ১৮তম হোলে পার অনুযায়ী খেলাটাকেই সবচেয়ে বড় কৃতিত্ব বলে মনে করেন তিনি।