ব্যথার কাছে
হারলেন
তামিম
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ২১:২৯
ব্যথার ইনজেকশন নিয়ে খেলারও চেষ্টা করেছিলেন। কিন্তু ইনজেকশনেও কাজ হলো না। শেষ পর্যন্ত ব্যথার কাছে হার মেনে গল টেস্ট থেকে সরে দাঁড়াতেই হল তামিম ইকবালকে। ফলে কাল তামিম ইকবালকে ছাড়াই এই টেস্ট শুরু করল বাংলাদেশ। তার বদলে ওপেনার হিসাবে অভিষেক হয়ে যাচ্ছে তরুণ ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের। তার সঙ্গী হিসাবে দীর্ঘদিন পর টেস্টে ফিরলেন জহুরুল ইসলাম অমি।
তামিম ইকবাল হাতের এই ব্যথায় ভুগছেন সেই বিপিএল থেকে। শ্রীলঙ্কায় গিয়ে অনুশীলন ম্যাচেও খেলতে পারেননি ব্যথার কারণে। বার বার এক্স-রে করিয়েও তেমন বড় কিছু পাওয়া যায়নি। শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচের একদিন আগে অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ ডেভিড ইয়ংয়ের সঙ্গেও সাক্ষাত্ করেছেন। কিন্তু কাজের কাজ হয়নি, ব্যথা কমেনি।
অবশেষে ম্যাচের আগের রাতে ইনজেকশন নিয়ে খেলার সিদ্ধান্ত নেন তামিম। সেই অনুযায়ী ব্যথার ইনজেকশনও দেয়া হয় তাকে। কিন্তু সকালে উঠেও ব্যথা অনুভব করায় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়, তাকে ছাড়াই এই টেস্ট খেলার। শ্রীলঙ্কা থেকে দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বললেন, ‘এই ব্যথা নিয়ে তার মাঠে নামাটা আরও ঝুঁকির বলে মনে করেছেন ফিজিও এবং টিম ম্যানেজমেন্ট। ফলে তিনি প্রথম টেস্ট খেলছেন না।’
ম্যানেজমেন্ট আশা করছে, দ্বিতীয় টেস্ট থেকে অন্তত একাদশে পাওয়া যাবে দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে।