শ্রীমঙ্গলে গভীর নলকূপের পানিতেও আর্সেনিক
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ২১:২৯
গভীর নলকূপের পানি আর্সেনিকমুক্ত থাকে প্রচলিত এ ধারণাটি এখন আর সঠিক নয়। শ্রীমঙ্গল উপজেলার দু’টি প্রাইমারী স্কুলে গভীর নলকূপ খননের পর পানি পরীক্ষায় এ বিষয়টি ধরা পড়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের শ্রীমঙ্গলের উপ-সহকারী প্রকৌশলী আবুল কাসেম জানান, শিক্ষা বিভাগের গভীর নলকূপ বসানো কার্যক্রমের অধীনে কালাপুর ইউনিয়নের ফয়জুর রহমান প্রাইমারী স্কুল ও মনারগাঁও প্রাইমারী স্কুলের উভয়টিতেই সাড়ে ৭শ’ ফুট গভীরতায় নলকূপ বসানোর পর ল্যাবরেটরী পরীক্ষায় গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি আর্সেনিক পাওয়া যায়।
আর্সেনিকের উপস্থিতি নিশ্চিত হবার পর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ নলকূপ দু’টি বন্ধ করে দেয়। উপ-সহকারী প্রকৌশলী জানান- অগভীর নলকূপে আর্সেনিকের মাত্রাধিক্য থাকার আশংকায় শিক্ষা বিভাগ শ্রীমঙ্গলের প্রাইমারী স্কুলগুলোতে গভীর নলকূপ বসানোর প্রকল্প হাতে নিয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা আশপাশের বাড়িতে গিয়ে তাদের তৃষ্ণা নিবারণ করছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক।