চারতলা থেকে লাফিয়ে পড়ে ভার্সিটি ছাত্রীর আত্মহত্যা

বেসরকারি ড্যাফোডিল ইউনিভার্সিটির চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বিবিএ’র এক ছাত্রী। তার নাম সাহিমা আক্তার শারমিন (২২)। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে গতকাল বেলা ২টার দিকে রাজধানীর কলাবাগান এলাকার প্রিন্সবাজারে অবস্থিত ড্যাফোডিল ইউনিভার্সিটিতে। পরে ওই ছাত্রীর প্রেমিক গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। শারমিনের সহপাঠীরা জানান, ইউনিভার্সিটিতে মিড টার্ম পরীক্ষা চলছিল। গতকাল ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন শারমিন। পরীক্ষা শেষে কক্ষ থেকে বেরিয়েই প্রেমিকের সঙ্গে ঝগড়া শুরু হয় তার। এক পর্যায়ে অভিমান করে চারতলা ভবন থেকে লাফ দেন তিনি। এতে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। মাথা ও শরীরের বিভিন্ন জায়গা থেতলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তার প্রেমিক সাদেকুর রহমান তুহিন আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তুহিন নিজেকে মেয়েটির প্রেমিক দাবি করে বলেন, তার সঙ্গে গত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারের সম্মতিতেই তাদের ঘনিষ্ঠতা হয়েছিল। সমপ্রতি বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে অভিমানের বশে সে ভবনের উপর থেকে লাফ দিয়েছে। শারমিনের পিতার নাম মৃত শহীদুল ইসলাম। তিনি পরিবারের সঙ্গে পুরনো ঢাকার শ্যামপুরে থাকতেন। শেরে বাংলা নগর থানার এসআই মশিউর রহমান বলেন, মেয়েটি চার তলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। এখন বিষয়টির কারণ উদঘাটনের জন্য প্রেমিক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।