ডায়াবেটিক রোগীদের উঁচু হিল জুতা পরা নিষেধ
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ২১:৪৪
ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন নেয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস রোগীরা কম গুরুত্ব দেন পায়ের যত্ন নিতে। ডায়াবেটিস রোগের নানা ধরনের উপসর্গ রয়েছে। জটিলতাও কম নয়। এই নীরব রোগটির কারণে শরীরের অঙ্গ-প্রতঙ্গ বিশেষ করে হাতে-পায়ে রক্ত সরবরাহ কমে যায়। এটাকে বলা হয় ইসকেমিয়া। ডায়াবেটিস রোগীদের আর একটি সমস্যা হচ্ছে নিউরোপ্যাথি।
এক্ষেত্রে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। আর এই ইস্কেমিয়া ও নিউরোপ্যাথির কারণে রোগীর পায়ে রক্ত চলাচল কম হয় এবং অনুভূতি বা সেনসেশন হ্রাস পায়। এ কারণে পায়ের নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এবং কোন ক্ষত বা ইনজুরি হলে ক্ষত শুকাতে বিলম্ব হয়। আর যদি পায়ের এধরনের ক্ষত শুকাতে যথাযথ চিকিত্সা না নেয়া যায় তবে ক্ষতে ইনফেকশন হতে পারে। এই ইনফেকশন থেকে সেপসিস, গ্যাংগ্রিন হবার ঝুঁকি থাকে। আর গ্যাংগ্রিন হলে পায়ের আঙ্গুল বা গ্যাংগ্রিনের বিস্তৃতি বেশি হলে পাটাই কেটে ফেলতে হয় (অ্যাম্পুটেশন)।
ডায়াবেটিস রোগীরা যতটা তাদের চোখ ও অন্যান্য জটিলতা এড়াতে যত্ন নেন ততটা অবহেলা করেন পায়ের যত্ন নিতে। আর পায়ের সমস্যার দিকে যখন চোখ পড়ে তখন অনেক দেরি হয়ে যায়। ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন নিতে বিশেষজ্ঞগণ দেড় ইঞ্চির বেশি হাই হিল জুতা না পরার জন্য পরামর্শ দিয়েছেন মহিলাদের। আর ডায়াবেটিস বিশেষজ্ঞ ড: ব্রেনডান জে বারজিন-এর অভিমত: ডায়াবেটিস রোগীদের অবশ্যই বছরে অন্তত একবার পা পরীক্ষা করা উচিত।