কালীগঞ্জে দুই ছাত্রনেতা প্রহূত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কালিকাপুর শৈলমারী চরে পার্শ্ববর্তী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ছাত্রলীগের দু’জন নেতা বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জের স্থানীয় জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছে। উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারী কালিকাপুর চর এলাকায় বৃহস্পতিবার তারা জোর করে তামাক ক্ষেত কাটতে থাকে। এলাকাবাসী বাধা দিলে চাপাতি বের করে তাদের ধাওয়া করেন। পরে লোকজন কৈইমারী এলাকা থেকে বিপ্লব ও মামুনকে অস্ত্রসহ আটক করে গণধোলাই দেয়। নদী ও জীবন নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাসান মাসুদ জানান, আটক দু’জনকে গণধোলাইয়ের পর গ্রাম পুলিশের মাধ্যমে স্থানীয় ইউপি সদস্যদের হাতে সোপর্দ করা হয়েছে। বিপ্লব ও মামুন জানান, তারা জলঢাকা ডিগ্রি কলেজের ছাত্র। এছাড়া তারা ছাত্রলীগের ইউনিয়ন ও থানা পর্যায়ের নেতা বলে দাবি করেন। এ ব্যাপারে ভোটমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মোবারক আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের অভিভাবকের উপস্থিতিতে এক সালিশ বৈঠকের পর ছেড়ে দেয়া হয়েছে।