আজ থেকে ক্লোজআপ ওয়ানের মৌলিক গানের রাউন্ড শুরু

নির্বাচিত সেরা ১০ গীতিকারের গান নিয়ে শুরু হচ্ছে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’-এর মৌলিক গান রাউন্ড। এ পর্বটি আজ রাত ৯টা ১৫ মিনিটে এনটিভিতে দেখা যাবে কোনো ধরনের বিজ্ঞাপন বিরতি ছাড়াই। ক্লোজআপ ওয়ান মৌলিক গানের এই বিরতিহীন রাউন্ডে বিচারক হিসেবে থাকছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া। এছাড়া অনুষ্ঠানে নির্বাচিত ১০ গীতিকারও উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ক্লোজআপ ওয়ান মৌলিক রাউন্ডের জন্য গানের কথা আহ্বান করা হলে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। এতে অংশ নেন সাত হাজার প্রতিযোগী। তাদের মধ্য থেকে ১০ জন গীতিকারকে নির্বাচিত করা হয়। পরে তাদের লেখা গানগুলোতে সুরারোপ করেন দেশের খ্যাতনামা ১১ জন সুরকার। ‘ক্লোজআপ ওয়ান ২০১২’-এর সেরা দশে ঠাঁই পাওয়া ১০ প্রতিযোগীর কণ্ঠে শোনা যাবে নতুন এই ১০টি গান।