চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দেশব্যাপী জামায়াত শিবিরের তাণ্ডব, সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে সচেতন হিন্দু সমাজ। কর্মসূচিতে কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী অংশগ্রহণ করে হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনে বিচার, ক্ষতিগ্রস্ত মন্দির, বাড়ি-ঘর এক মাসের মধ্যে সংস্কারসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের তাণ্ডবের স্থির চিত্র ও এসব ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে প্ল্যাকার্ড বহন করেন। হিন্দুদের ওপর আবার হামলা হলে প্রতিরোধ ও প্রতিবাদ করার অঙ্গীকার নিয়ে সমাবেশে শপথ বাক্য পাঠ করান প্রকৌশলী রিপন দাশ। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক এড. চন্দন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এড. তপন কান্তি দাশ, ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, এড. মিলি চৌধুরী, মাসিক জ্যোতির্ময়’র প্রকাশক এস প্রকাশ পাল, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কেন্দ ীয় সংসদের সভাপতি পলাশ কান্তি নাথ রনি প্রমুখ। এছাড়াও নগরীর বিভিন্ন মন্দির কমিটি, পূজা উদযাপন পরিষদ, সনাতনী পুরোহিত কল্যাণ পরিষদসহ আবাল-বৃদ্ধ বণিতা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার ৪২ বছর পরও দেশে সংখ্যালঘু সমপ্রদায় বিভিন্ন সময়ে নানাভাবে নির্যাতন ও হামলার শিকার হচ্ছে। এখনও পর্যন্ত এসব হামলার কোনো বিচার হয়নি। মানববন্ধন ও সমাবেশ শেষে হিন্দু সমপ্রদায়ের সদস্যরা বিশাল মিছিল বের করেন।