না’গঞ্জে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তার ছেলেকে হত্যা

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের একটি খাল থেকে গতকাল শুক্রবার সকালে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি ও গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা। রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল থেকে নিখোঁজ ছিল মেধাবী শিক্ষার্থী ত্বকি। গতকাল সকালে কুমুদিনীর খালে লাশ শনাক্তকরণের পর পরিবারের সদস্য ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের মাঝে কান্নার রোল পড়ে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। অপরদিকে ত্বকি হত্যার প্রতিবাদে শনিবার সকাল- সন্ধ্যা হরতাল আহবান করেছে সাংস্কৃতিক জোট। গতকাল দুপুরে শহরে কালো পতাকা সহকারে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ৪৮ ঘন্টা সময় দিয়েছেন সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা। অপরদিকে এই হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে জেলা বিএনপি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের পিপিএম জানান, নিহতের ডান চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন নেই। নিহত তানভীর মোহাম্মদ ত্বকিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। তবে ময়না তদন্তের রিপোর্টের পর বোঝা যাবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, গতকাল সকাল ৯টার দিকে তিনি লোক মারফত খবর পান শীতলক্ষ্যা নদীর কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের একটি শাখা খালে একটি লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে লাশটি রফিউর রাব্বির ছেলের বলে শনাক্ত করেন। পরে রফিউর রাব্বিসহ তার পরিবারের সদস্যরাও লাশটি শনাক্ত করেন। লাশের সুরতহাল প্রস্তুতকারক এসআই নজরুল জানান, নিহত ত্বকির পরনে ছিল একটি কালো নরমাল জিন্স প্যান্ট ও একটি কালো হালকা স্ট্রাইপ শার্ট। এছাড়াও লাশের বাম চোখ ফোলা, ডান চোখের ডান পাশে ঠোসার মত এবং ফোলা ছিল। নাকের দুই নালিতে রক্তের দাগ ও গলার সামনের অংশে ফোলা অবস্থায় দেখা গেছে। লাশ উদ্ধারের খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, সহকারী পুলিশ সুপার এ সার্কেল আজিউন আহসান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, জেলা খেলাঘর আসরের সভাপতি রথিন চক্রবর্তী, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপ নেতা অ্যাডভোকেট আওলাদ হোসেন, ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, মনি সুপান্থসহ অন্যরা ছুটে আসেন। এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ লাশ দেখতে হাসপাতালে ছুটে যান। গতকাল দুপুরে ময়না তদন্ত শেষে হাসপাতাল থেকে ত্বকির লাশ নেয়া হয় নিজ বাড়িতে। দুপুরে জুমার নামাজের পর কালো পতাকা সহকারে বিক্ষোভ মিছিল বের করে জেলা সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা। এসময় তারা হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন ও ঘাতকদের গ্রেফতারের দাবি জানান। পরে শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু। এসময় শহরের পুরাতন কোর্ট এলাকায় সড়ক অবরোধ করে রাখেন সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা। বিকাল সাড়ে ৪ টায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনসাধারণ ত্বকির মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, লেখক ও প্রাবন্ধিক মফিদুল হক, নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী, বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান, সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ও পরিচালক মঞ্জুরুল হক, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বাদ মাগরিব শহরের আমলাপাড়া জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার সাহা জানান, তানভীর মোহাম্মদ ত্বকি একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার তার পরীক্ষার রেজাল্ট বের হয়েছিল। সে খুব ভাল ফলাফল করেছিল। পদার্থ বিজ্ঞানে ৩০০ নম্বরের মধ্যে সে ২৯৭ পেয়েছিল। সে সারাদেশে সর্বোচ্চ নম্বর পেয়েছিল। এছাড়া ও লেভেল পরীক্ষাতেও সে পদার্থ বিজ্ঞান ও রসায়ন পরীক্ষাতে দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছিল। ত্বকির সহপাঠী একই ক্লাসের সেকেন্ড বয় আরমান নূর জানান, সে খুবই মেধাবী ও শান্ত প্রকৃতির ছেলে ছিল। সে ক্লাসের ফার্স্ট বয় ছিল ও শুধু পড়ালেখা নিয়ে থাকতো। কোন ধরনের ঝামেলায় যেতো না। আমরা এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ঘাতকদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এদিকে সকাল ১১ টার দিকে নৌকাযোগে লাশটি দেখতে আসা তিন যুবককে সন্দেহজনকভাবে আটক করেছে পুলিশ। প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক জোটের সংগঠক, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি ও গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকি বুধবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন।