সন্ত্রাস নিয়ন্ত্রণ না করলে
পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক
সম্পর্ক নয় :মনমোহন
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ২২:২৮
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসকে নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে দেশটির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তৈরি হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশটিতে আসার একদিন আগে মনমোহন সিং এই মন্তব্য করলেন। আজ শনিবার একদিনের সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ ভারতে আসছেন। এদিকে পারভেজ আশরাফকে আজমীরের সুফী মঈনুদ্দিন চিশতির মাজারে গেলে তাকে সহায়তা না দেয়ার কথা জানিয়েছেন মাজারের প্রধান। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মনমোহন সিং বলেন, ভারত চায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হোক এবং অনেক ক্ষেত্রে সেটির উন্নতিও হয়েছে। গতকাল শুক্রবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় ভারতের প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশ দুটির নাগরিকের মধ্যে যোগাযোগ বাড়ছে এবং বাণিজ্য সমপ্রসারণ হয়েছে। পাকিস্তানে সন্ত্রাসীদের সক্রিয় থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত না পাকিস্তান সন্ত্রাস দমন করবে ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হবে না। এটা বর্তমান সরকারের নীতি। গত ৯ বছর ধরে এই নীতি প্রতিফলিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।