খুলনায় সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা আহত
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ২২:৩২
মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেলের দু’হাতের কব্জি, দুই পা, পিঠ ও বুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার রাতে বাসায় ফেরার পথে খুলনা নগরীর নয়াবাটি গোল চত্বরে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। আহত ছাত্রদল নেতা রুবেল ও দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিএনপিসহ ১৮ দলের হরতাল কর্মসূচি শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সেরে তিনি বাসায় যাচ্ছিলেন। রাত ১০ টার দিকে খালিশপুরের নয়াবাটি গোল চত্বরে পৌঁছালে ১৫/২০ জন অস্ত্রধারী সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এলাকাবাসী রুবেলকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। এদিকে ছাত্রদল নেতা রুবেলের উপর সন্ত্রাসী হামলা জন্য মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের দায়ী করেছে বলে জানা গেছে।