গল্প নয় সত্যি

প্রেমিকার হাত থেকে বাঁচতে!

প্রেমিকার জেরার হাত থেকে বাঁচতে গিয়ে এবার উল্টো পুলিশের জেরার মুখে পড়েই নাকাল হতে হচ্ছে আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যের এক ব্যক্তিকে। আর এই ঘটনাটি ঘটে যখন প্রেমিকাকে মিথ্যা বলতে গিয়ে নিজের সাজানো অপহরণের নাটকে নিজেই ধরা পড়েন রাহমেল পেটওয়ে নামের এই ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, প্রায় সপ্তাহ তিনেক আগে কাউকে কিছু না জানিয়ে অনেকটা হুট করেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন রাহমেল। এ সময় ব্রুকলিনের বাসা তো দূরে থাক, আশপাশের কোনো আত্মীয় বা বন্ধুর কাছেও কোনো খোঁজ মিলছিল না রাহমেলের। একজন স্বাধীন মানুষ হিসেবে এমনটা হয়তো করতেই পারেন রাহমেল। কিন্তু আপাত স্বাধীন মানুষ হলেও নিজের এই খামখেয়ালিপনার বিষয়টা তার প্রেমিকা যে মোটেও ভালোভাবে নেবেন না সেটা ভালোই জানা ছিল নিউ ইয়র্কের অধিবাসী এই যুবকের। আর তাই নিজের এই হারিয়ে যাওয়াটা নিয়ে যেন শেষতক সম্পর্কের মাঝে টানাপোড়েন তৈরি না হয় সেজন্যই অভিনব এক ফন্দি আঁটেন রাহমেল। ঠিক করেন, তার এই হঠাত্ নিরুদ্দেশ হওয়ার বিষয়টিকে একটি অপহরণ হিসেবেই প্রেমিকার সামনে উপস্থাপন করবেন তিনি। কিন্তু বললেই যে বিনা বিচারে প্রেমিকা সব মেনে নেবেন তা তো নয়। আর তাই বিষয়টিকে আরও নিখুঁতভাবে উপস্থাপন করতেই নিজেই নিজের অপহরণের সংবাদ জানান স্থানীয় পুলিশকে। দাবি করেন, তাকে কয়েকজন অপহরণকারী একটি রাস্তার পাশে বেঁধে রেখেছে এবং পুলিশ যেন তাকে দ্রুত উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করেন। খবর পেয়ে অল্প সময়ের মাঝেই হাজির হয় পুলিশ। কিন্তু এ সময় রাহমেলকে বেঁধে রাখার ধরন এবং তার হাতের সাথে ঝুলে থাকা ডাক্ট টেপের একটি রোল দেখে বিষয়টিকে সাজানো বলে সন্দেহ হয় পুলিশের। আর এই সন্দেহের পরিপ্রেক্ষিতে করা জেরাতেই বেরিয়ে আসে নেপথ্যের ঘটনা। এতে একদিকে যেমন প্রেমিকার কাছে একপ্রস্থ অপদস্থ হয়েছেন রাহমেল, তেমনি পুলিশের কাছে মিথ্যা অভিযোগের জন্য শাস্তির মুখোমুখিও হতে হবে রাহমেলকে।