নারী নিগ্রহের ঘটনায়
মাথা হেট হয়ে যায়
প্রকাশ : ০৯ মার্চ ২০১৩, ২০:৪৮
ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধি বলেছেন, ‘দেশে বার বার ধর্ষণের ঘটনায় লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। এ ধরনের ন্যক্কারজনক অপরাধ দেশের মান-ইজ্জত ডোবাচ্ছে।’ একের পর এক ধর্ষণ এবং নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় ভারতে যখন তোলপাড় চলছে তখন তিনি এ কথা বললেন। সোনিয়া গান্ধী মেয়ে ভ্রূণ হত্যা এবং নারীর ওপর সহিংসতায় উদ্বেগ জানিয়ে বলেন, এসব অন্যায়ের কাছে মাথা নত না করে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। এসব ক্ষেত্রে রাষ্ট্র নারীর সব ধরনের দায় নেবে বলেও উল্লেখ করেন কংগ্রেস নেত্রী।
ভারতের সর্বোচ্চ ক্ষমতাধর এই নারী বলেন, ‘এই সামাজিক অবক্ষয় প্রতিরোধে সামাজিক সচেতনতা প্রয়োজন।’ নারীর শ্লীলতাহানি ও নারীর নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক উত্কণ্ঠা-উদ্বেগের প্রেক্ষাপটে হরিয়ানা রাজ্যের ভাগত ফুল সিং মহিলা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সোনিয়া এসব কথা বলেন। নারীর অধিকার ও ক্ষমতায়নে ইউপিএ জোট সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে সোনিয়া বলেন, নারীর বিরুদ্ধে অপরাধ বন্ধের জন্য শিগগিরই একটি আইন পাস করা হবে।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি চলন্ত বাসে এক মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে ভারতজুড়ে লাখো মানুষ বিক্ষোভে নামে। জনদাবির মুখে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য এ সংক্রান্ত আইনও সংশোধন করে বর্তমান সরকার। যদিও আইনটি এখন পর্যন্ত সম্পূর্ণরূপে গৃহীত হয়নি। দেশটির নারী অধিকার কর্মীদের অভিযোগ- সরকারের ধীরে চলো নীতির কারণে ক্রমেই নারীর বিরুদ্ধে অপরাধ বাড়ছে। দিল্লির গণধর্ষণের পরও স্কুলছাত্রী থেকে শুরু করে তিন শিশু ধর্ষিত হওয়ার মতো ন্যক্কারজনক ঘটনাও ঘটেছে।