জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
নেয়ার নির্দেশ পাক প্রধানমন্ত্রীর
প্রকাশ : ০৯ মার্চ ২০১৩, ২০:৪৯
পাকিস্তানে সংখ্যালঘু শিয়াদের উপর একের পর এক আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ সে দেশে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানিও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে দ্রুত প্রেসিডেন্টের হস্তক্ষেপ দাবি করেছেন। খবর বর্তমান পত্রিকার।
গত বৃহস্পতিবার পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে পারভেজ বলেন, কোনরকম বাছাবাছি না করে সমস্ত নিষিদ্ধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার জন্য লিখিত নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশ শুধু পাক প্রধানমন্ত্রী পক্ষেই দেয়া হয়নি, সেদেশের প্রেসিডেন্টও একই নির্দেশ জারি করেছেন। রাজা পারভেজের বক্তব্য- শিয়াদের উপর আক্রমণের ঘটনায় গোটা বিশ্বে পাকিস্তানের ও ইসলাম ধর্মের ভাবমূর্তি খারাপ হচ্ছে। যারা এই ধরনের জঘন্য কাজ করছে তারা যে শুধু পাকিস্তানের সামাজিক সংহতি নষ্ট করার চেষ্টা করছে তাই নয়, এর দ্বারা দেশের গণতন্ত্রও বিপন্ন হয়ে পড়ছে।