রাশিয়া ও আফ্রিকার দেশ সফর করবেন চীনের নয়া প্রেসিডেন্ট

চীনের নতুন প্রেসিডেন্ট রাশিয়া, তাঞ্জানিয়া, দক্ষিণ আফ্রিকা ও কঙ্গো রাষ্ট্রীয় সফর করবেন। শনিবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিচি সাংবাদিকদের বলেন, বেইজিংয়ে দেশের বার্ষিক পার্লামেন্ট অধিবেশনকালে চীনের প্রেসিডেন্ট হিসেবে কমিউনিস্ট পার্টির নেতা জি জিনপিংয়ের নাম ঘোষণা করার কথা রয়েছে। তিনি বলেন, ‘চীন ও রাশিয়া পরস্পরের বৃহত্তম প্রতিবেশী দেশ।’ ইয়াং বলেন,‘কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টিতে আমরা রাশিয়ার সঙ্গে কাজ করতে চাই।’ সিরিয়া সংঘাতসহ বিশ্বব্যাপী বিভিন্ন কূটনৈতিক ইস্যুতে রাশিয়া ও চীনের অবস্থান এক বিন্দুতে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই দুই স্থায়ী সদস্য দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে অবরোধ আরোপের প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।