পাক প্রধানমন্ত্রীর ভারত সফরে আপত্তি জানালেন আজমির শরিফের খাদেম

পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরফের আজমির সফর নিয়ে আপত্তি জানিয়েছেন খোদ আজমির শরিফের খাদেম। আশরফের ভারত সফরের ঠিক আগের দিন খাজা মইনুদ্দিন চিশতির মাজারের খাদেম জয়নুল আবেদিন আলি খান এ আপত্তি জানিয়েছেন। সমপ্রতি জম্মু-কাশ্মীর সীমান্তে পাকসেনার হাতে দুই ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর, সে দেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে আসা উচিত নয় বলে মনে করছেন তিনি। আবেদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শনিবার রাজা আশরফের জেয়ারত অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাক প্রধানমন্ত্রীর কড়া নিন্দা করে পাকিস্তান প্রশাসনের হাত রক্তাক্ত হয়েছে বলেও অভিযোগ করেন আবেদিন সাহেব। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সলমন খুরশিদ জানান, পাক প্রধানমন্ত্রীর সঙ্গে এক ভোজের অনুষ্ঠানে জয়পুরে উপস্থিত থাকবেন তিনি। তবে এই সফরে দ্বিপক্ষীয় বিষয়ে কোনও আলোচনা হবে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।