সিরিয়ায় ২১ ফিলিপিনো জিম্মিকে উদ্ধারে শান্তিরক্ষী পাঠিয়েছে জাতিসংঘ

জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ২১ ফিলিপিনোকে জিম্মির ঘটনায় তাদেরকে উদ্ধারে সিরিয়ায় সৈন্যদল পাঠিয়েছে জাতিসংঘ। গত শুক্রবার ইয়ারমক ব্রিগেডের এক প্রতিনিধি আবু ইসাম তাসিল একথা জানান। এর আগে বিদ্রোহীরা অপহূতদের ছেড়ে দেয়ার কথা বলে। তবে ঐ এলাকায় আসাদ বাহিনীর গোলাবর্ষণের তাণ্ডবে উদ্ধার তত্পরতা ব্যাহত হচ্ছে বলে বিদ্রোহীদের একজন মুখপাত্র জানিয়েছে। ইতিমধ্যেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একদল সেনা জামলাহ থেকে এক কিলোমিটার পূর্বে নাফিয়া গ্রামে পৌঁছে গেছে। শান্তিরক্ষী বাহিনীর প্রধান হার্ভে লাডসাস জানান, বিদ্রোহী ও আসাদ অনুগত বাহিনী একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতিতে পৌঁছালে শান্তিরক্ষী সদস্যদের নিরাপদে নেয়া যাবে। আমাদের ঐ ২১ সদস্যকে জামলাহর একটি গ্রামে চারটি স্থানে বিচ্ছিন্নভাবে রাখা হয়েছে। গ্রামটিতে সিরিয়ার আর্মি এখনো গোলাগুলি করলেও জিম্মিরা নিরাপদে রয়েছে— নিরাপত্তা পরিষদে এক সংক্ষিপ্ত বিবৃতির পর হার্ভে একথা জানান। গত বুধবার তাদেরকে জামলাহ থেকে অপহরণ করে বিদ্রোহীরা।