আজ রংপুরে ‘বাংলাদেশ আইডল’-এর অডিশন
প্রকাশ : ০৯ মার্চ ২০১৩, ২০:৫১
আন্তর্জাতিক মানসম্পন্ন রিয়েলিটি শো ‘আইডল’-এর বাংলাদেশি সংস্করণ ‘বাংলাদেশি আইডল’-এর রংপুর জোনের অডিশন অনুষ্ঠিত হবে আজ। অডিশনস্থান রংপুর পর্যটন মোটেল। ‘বাংলাদেশি আইডল’-এর অডিশনকে সামনে রেখে রংপুর পর্যটন মোটেলকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। অনুষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল ৯টায় শুরু হবে অডিশন। আর অডিশন ভেন্যুতে রেজিস্ট্রেশনকারীদের প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে আসতে হবে। এর আগে রংপুর জোনের রেজিস্ট্রেশন শেষ হয় গত ৫ মার্চ রাতে। তবে যারা উক্ত সময়ে রেজিস্ট্রেশন করতে পারেনি কিন্তু এখন অডিশন দিতে ইচ্ছুক তাদেরও সরাসরি অডিশন ভেন্যুতে উপস্থিত হয়ে বিশেষভাবে অডিশন দেওয়ার সুযোগ রাখা হয়েছে। অন্যদিকে খুলনা জোনের রেজিস্ট্রেশন শেষ হবে আগামীকাল রাত ১১টা ৫৯ মিনিটে। এদিকে চট্টগ্রাম জোন দিয়ে শুরু হওয়া আন্তর্জাতিক মানের এই রিয়েলিটি শো-এর প্রথম অডিশন সকল প্রত্যাশাকে ছাড়িয়ে যায়। হাজারো প্রতিযোগীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পার হয় চট্টগ্রাম অডিশন। উল্লেখ্য, পর্যায়ক্রমে সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকার ভেন্যুতেও রেজিস্ট্রেশনের ভিত্তিতে অডিশন নেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।