সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা কাল শুরু
প্রকাশ : ০৯ মার্চ ২০১৩, ২১:৩৮
শিক্ষা মন্ত্রণালয় দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা উদ্বোধন উপলক্ষে আগামীকাল ১১ মার্চ সকাল সোয়া ন’টায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এতে ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয় এই প্রথম দেশব্যাপী ‘সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৩’ এর আয়োজন করছে। আগামীকাল থেকে দেশের সবগুলো উপজেলায় একযোগে শুরু হবে এ প্রতিযোগিতা। দেশের স্কুল-কলেজ-কারিগরি ও মাদ্রাসা সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণীর দশ লক্ষাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলেও জানা গেছে। উপজেলা পর্যায়ে আগামী ১১-১৩ মার্চ, জেলা পর্যায়ে ১৬-১৮ মার্চ, বিভাগসমূহ/ঢাকা মহানগরী পর্যায়ে ২১-২৪ মার্চ এবং জাতীয় পর্যায়ে ২৯-৩০ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ-৮ম, ৯ম-১০ম ও একাদশ-দ্বাদশ এ ৩ গ্রুপে ৪টি বিষয়ে মোট ১২ জনকে জাতীয় পর্যায়ে “বছরের সেরা মেধাবী” হিসেবে নির্বাচন করা হবে। বিষয় ৪টি হলো- ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ। একজন প্রতিযোগী সর্বাধিক তিনটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি বিষয়ের মোট নম্বর ৫০। ভাষা ও সাহিত্য বিষয়ে তাত্ক্ষণিক রচনা প্রতিযোগিতা বাংলা- ১০ নম্বর, ইংরেজি-১০ নম্বর, পর্যায়ক্রমে গল্প বলা-১০ নম্বর এবং ইংরেজিতে উপস্থিত বক্তৃতা-২০ নম্বর।
বিজ্ঞান বিষয়ে এমসিকিউ-১০ নম্বর, বিজ্ঞান বিষয়ক রচনা-১০ নম্বর এবং বিজ্ঞান বিষয়ক প্রকল্প উপস্থাপন-৩০।
গণিত ও কম্পিউটার বিষয়ে গণিত লিখিত ২০ নম্বর, মৌখিক-১০ নম্বর এবং কম্পিউটার সমাধান-২০ নম্বর। বাংলাদেশ স্টাডিজ বিষয়ে লিখিত সৃজনশীল-২০ নম্বর, এমসিকিউ-১০ নম্বর এবং মৌখিক-২০ নম্বর। প্রতিটি উপজেলার স্কুল-কলেজ থেকে প্রতিযোগিতার মাধ্যমে ৩টি গ্রুপে ৪টি বিষয়ে ১২ জনকে উপজেলার সেরা মেধাবী বাছাই করে জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রেরণ করা হবে। প্রতিটি জেলা থেকে একইভাবে ১২ জনকে জেলার সেরা মেধাবী বাছাই করে বিভাগীয় প্রতিযোগিতায় পাঠানো হবে। ৭টি বিভাগ ও ঢাকা মহানগরী থেকে নির্বাচিত ৯৬ জন সেরা বিভাগীয় মেধাবী জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখান থেকে নির্বাচন করা হবে বছরের সেরা মেধাবী ১২ জন।
জাতীয়ভাবে বছরের সেরা মেধাবী ১২ জনকে সনদসহ এক লক্ষ টাকা করে পুরস্কার দেয়া হবে। তাছাড়া উপজেলা, জেলা ও বিভাগীয় প্রতিটি পর্যায়ে বিজয়ীগণকে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হবে। উল্লে¬খ্য, এ সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।