হুগো শ্যাভেজ ছিলেন মানবমুক্তির বিপ্লবী নেতা

সাম্রাজ্যবাদবিরোধী সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা, ভেনিজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো ডি শ্যাভেজ স্মরণসভায় সিপিবি’র উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান বলেছেন, হুগো ডি শ্যাভেজ মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা, সমাজতন্ত্র ও মানবমুক্তির জন্য ল্যাটিন আমেরিকার জনগণের বিপ্লবী পুনর্জাগরণের এক মহান ও দুঃসাহসী নেতা ছিলেন। ১৯৫৯ সনে ফিদেল ক্যাস্ট্রো ও চে গুয়েভারার নেতৃত্বে যে বিপ্লব সংগঠিত হয়েছিল সেই পথ ধরেই শ্যাভেজের নেতৃত্বে প্রগতিশীল সামরিক অফিসার ও দেশের শ্রমিক-কৃষক-মেহনতি মানুষ, বস্তিবাসী এবং ছাত্র-যুবক-বুদ্ধিজীবী দেশে একটি বিপ্লব গড়ে তোলে। গকতাল শনিবার বিকালে পুরানা পল্টনস্থ মুক্তিভবনে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। সিপিবি ও বাসদ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিপিবি উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান। আলোচনাসভায় অংশ নেন সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, সিপিবি নেতা হাসান তারিক চৌধুরী সোহেল প্রমুখ।