ঢাকায় আন্তর্জাতিক সাইক্লিং ফেডারেশনের সভাপতি
সাইক্লিংয়ের উন্নয়নে আন্তর্জাতিক
সহযোগিতা পাবে বাংলাদেশ
প্রকাশ : ০৯ মার্চ ২০১৩, ২১:৩৯
আন্তর্জাতিক সাইক্লিং ফেডারেশনের সভাপতি প্যাট ম্যাককুইজাড বাংলাদেশের সাইক্লিংয়ে উন্নতির জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল সকালে চব্বিশ ঘন্টার সফরে বাংলাদেশে এসেছিলেন তিনি। আজ সকালে ফিরে যাবেন। এবারই প্রথম আন্তর্জাতিক সাইক্লিং ফেডারেশনের সভাপতি বাংলাদেশ সফরে এলেন। এর আগে বাংলাদেশ সফর করে গেছেন ফিফা এবং আন্তর্জাতিক হকি ফেডারেশনের বিশ্ব প্রধানরা।
গতকাল সকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাতের পর বিকালে বিওএ’র অডিটোরিয়ামে এই আন্তর্জাতিক সংগঠককে সংবর্ধনা দেয় বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন। সেখানে তিনি জানিয়েছেন বাংলাদেশের সাইক্লিংয়ের উন্নতির জন্য ভেলোড্রাম গড়ে তুলতে প্রকৌশল সুবিধা দেবেন।
বাংলাদেশের ভেলোড্রাম তৈরি করার অভিজ্ঞতা নেই। তাই এটি দিতে সম্মত হয়ে প্রস্তাব পাঠাতে বলেছেন। ঢাকার বাইরে দুই একর জমিতে ভেলোড্রাম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল। এছাড়াও বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মানের কোচ পাঠাবেন সাইক্লিস্ট, বিচারক এবং কোচদের প্রশিক্ষণ দেবেন। বাংলাদেশ থেকেও কোচ নিয়ে যাবেন প্রশিক্ষণের জন্য। বাংলাদেশের সাইক্লিস্টরা বিদেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আন্তর্জাতিক সাইক্লিং ফেডারেশন প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন এই সাবেক সাইক্লিস্ট। আইরিশ ম্যাককুইজাডের বাবা ১৯৪৮ সালের বিশ্ব সাইক্লিংয়ে অংশগ্রহণ করেন। তার ছেলে লন্ডন অলিম্পিক সাইক্লিংয়ে অংশ নেন বলে জানা গেছে।