সাভারে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

সাভারের ছোট বলিমেহের এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মোন্নাফ ওরফে মুন্না নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সে দীর্ঘদিন ধরে ছোট বলিমেহের, মজিদপুর ও ইমানদিপুর এলাকায় মাদকের ব্যবসায় করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। নিহত মুন্নার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার শাহরাইল এলাকায়। তার বিরুদ্ধে সাভার থানায় হত্যা, ধর্ষণ, মাদকসহ কয়েক ডজন মামলা রয়েছে। র্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার জানান, গত শুক্রবার রাতে মুন্না রিক্সাভ্যানে করে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিল। ছোট বলিমেহের এলাকায় র্যাব তল্লাশির জন্য তাকে থামতে বললে সে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুঁড়লে মুন্না গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থল থেকে ৩শ বোতল ফেনসিডিল ও গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। সাভার থানার উপপরির্দশক (এসআই) জানান, র্যাব পুলিশের কাছে মুন্নার লাশ হস্তান্তর করেছে। এব্যাপারে সাভার মডেল থানায় মামলা হয়েছে। এদিকে মাদক বিক্রির সময় রোকসানা নামের চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। গত শুক্রবার সন্ধ্যার পর সাভার পৌর এলাকার ওয়াপদা রোডের মালঞ্চ আবাসিক মহল্লার হিজলাপাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।