দ.আফ্রিকা সফরে শেবাগকে প্রয়োজন:লক্ষণ

ভারতীয় দল থেকে সদ্য বাদপড়া ওপেনার বীরেন্দ্র শেবাগের সমর্থনে তার সাবেক সতীর্থ খেলোয়াড় ভিভিএস লক্ষণ বলেছেন, বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে শেবাগবিহীন ভারতীয় দল ‘কল্পনাই’ করতে পারছেন না তিনি। শেবাগের খেলায় কোন ভুল ছিল না এবং ফর্ম ফিরে পেতে মাঝপথে বাদ দেয়ার পরিবর্তে অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ম্যাচে তাকে খেলতে দেয়া উচিত ছিল বলে মনে করেন লক্ষণ। মুম্বাই মিরর পত্রিকাকে লক্ষণ বলেন, ‘নির্বাচকরা ভুলে গেছেন যে, পরবর্তী টেস্ট খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এ সিরিজের জন্য একটা পরিকল্পনা ও লক্ষ্য থাকা উচিত। ভারতীয়রা দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার সময় দলে অভিজ্ঞ ও তারুণ্যের মিশ্রণ থাকাটা অতীব প্রয়োজন। দক্ষিণ আফ্রিকার এমন কঠিন কন্ডিশনে শেবাগবিহীন ভারতীয় দল আমি কল্পনা করতে পারি না। শেবাগ ছাড়া ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে সুবিধা করতে পারবে না।’ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে যথাক্রমে ২৫, ৩০, ৯, ২৩, ৪৯ এবং ০ রান করার পর দলে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাই টেস্টে ২ ও ১৯ করার পর হায়দ্রাবাদে ৬ রান করলে দল থেকে বাদ পড়েন শেবাগ। গত দুই বছরের মধ্যে আহমেদাবাদ টেস্টে প্রথম সেঞ্চুরি করেন তিনি। উপমহাদেশের বাইরে গত পাঁচ বছর যাবত্ সেঞ্চুরিবিহীনও তিনি। তবে লক্ষণ বলেন, দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভারতের খেলায় আরো দুটি টেস্টে তাকে সুযোগ দেয়া উচিত ছিল। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে শেবাগের আউট হওয়াটা দুর্ভাগ্যজনক ছিল উল্লে¬খ করে লক্ষণ বলেন, ‘এরপর সেখানে দ্বিতীয় ইনিংসে এবং হায়দ্রাবাদের প্রথম ইনিংসে ভাল ডেলিভারিতে সে আউট হয়েছে। এটা এমন নয় যে সে তার উইকেটটি বিলিয়ে দিয়ে এসেছে। তাকে বাদ দেয়ার জন্য এটা সঠিক সময় নয়। তাকে আরো দুটি ম্যাচে সুযোগ দেয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে মোহালিতে (তৃতীয় টেস্টের ভেন্যু) শেবাগ সব সময় ভাল করে আসছে। সেখানকার উইকেট তার খেলার জন্য মানানসই। পুনরায় ফর্মে ফিরতে তার কেবল একটা ভাল ইনিংস খেলা দরকার ছিল। দক্ষিণ আফ্রিকা সিরিজ বিবেচনা করলে এটা সঠিক সিদ্ধান্ত নয়। ফর্মে ফিরতে এটা হতে পারতো তার জন্য একটা মোক্ষম সুযোগ।’ চেন্নাই ও হায়দ্রাবাদে চশমা পরে খেলেছেন ৩৪ বছর বয়সী শেবাগ এবং গুঞ্জন ছিল তার দৃষ্টিশক্তি কমে গেছে। এমন কথা নাকচ করে দিয়ে লক্ষণ বলেন, তার মধ্যে এখনো অনেক ক্রিকেট আছে, ‘তার চশমা পরা নিয়ে অনেক কথা বলা হয়। আপনি জানেন কতজন খেলোয়াড় কন্টাক্ট লেন্স ব্যবহার করে? কোন কোন খেলোয়াড় কেবল তার চোখ ভাল আছে এটা নিশ্চিত হওয়ার জন্য চশমা ব্যবহার করে বলে আমি মনে করি। তার চশমা সম্পর্কে এমন ধরনের বদনাম মানুষ কেন রটায় আমি বুঝি না। শেবাগের দৃষ্টিশক্তিতে আমি কোন সমস্যা দেখছি না।’ লক্ষণ জানান, চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসেই ফর্মে ফেরার আভাস দিয়েছে শেবাগ। তাকে আবার ফর্মে ফেরার মত আত্মবিশ্বাসী মনে হয়েছে। সাবেক তারকা ব্যাটসম্যান লক্ষণ বলেন, ‘প্রত্যেকের জীবনেই খারাপ সময় আসে। শেবাগেরও খারাপ সময় যাচ্ছে। কিন্তু সে এতই ভাল একজন খেলোয়াড় যে কিনা দীর্ঘ সময় ফর্মহীন থাকবে না। আমি নিশ্চিত যে সে আবারো খেলবে এবং তার পারফরমেন্সই তার পক্ষে কথা বলবে। দক্ষিণ আফ্রিকা সিরিজ ডিসেম্বরে। সুতরাং নিজেকে প্রমাণ করতে সে অনেক ম্যাচ পাবে। তার আগে ঘরোয়া মৌসুম শুরু হবে। তারপর নিজেকে প্রমাণ করার জন্য অনেক ম্যাচ সে পাবে।’ —বাসস