শিরোপা জেতা হলো না সিদ্দিকুরের

এশিয়ান ট্যুরে দ্বিতীয় শিরোপা জেতা হলো না সিদ্দিকুর রহমানের। নয়াদিল্লীর দিল্লী গলফ ক্লাবে অনুষ্ঠিত সেইল-এসবিআই ওপেনে তৃতীয় রাউন্ডে শীর্ষে থেকেও শেষ পর্যন্ত ব্রুনাই ওপেন জয়ী এই গলফারকে তৃতীয়স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হল। অপরদিকে নিজের শিরোপা ধরে রাখেন ভারতের অনির্বান লাহিড়ি। সিদ্দিকুর ৭২ পারের চার রাউন্ডের এই প্রতিযোগিতায় গতকাল শনিবার চতুর্থ ও শেষ রাউন্ডে খুবই হতাশাজনক ফল করেন। লাহিড়ির (২৭৩) চাইতে চারটি শট বেশি খেলে এই বিপর্যয়ে পড়েন তিনি। এ ব্যাপারে সিদ্দিকুর বলেন, ‘আজ আমি সম্পূর্ণ ব্যর্থ হই। আমি ভাল হিট করতে পারিনি। বল অনেক বেশি দূরে চলে গিয়েছিল।’ তিন লাখ মার্কিন ডলারের এই প্রতিযোগিতায় ১৮ হাজার নয়শত ডলার প্রাইজমানি জিতেছেন তিনি। শিরোপা জয়ী এই গলফার ৫৪ হাজার মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছেন। এদিকে প্রতিযোগিতায় অংশ নেয়া অপর বাংলাদেশি গলফার জামাল হোসেন শেষ রাউন্ডে পারের চেয়ে একশট বেশি নিয়েছেন। সবমিলিয়ে পারের চেয়ে তিন শট বেশি (২৯১ শট) নিয়ে প্রতিযোগিতায় যৌথভাবে ৫১তম হন জামাল।