ইনজুরি সমস্যায় প্রোটিয়ারা
প্রকাশ : ০৯ মার্চ ২০১৩, ২১:৪১
টেস্ট সিরিজের বাজে পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জিতে সফরকারী পাকিস্তান দল। আজ থেকে শুরু ওয়ানডের লড়াই। ওয়ানডে সিরিজ জিতে পাকিস্তানের লক্ষ্য টেস্টের হতাশাকে পুরোপুরি মাটিচাপা দেয়া। অন্যদিকে, ইনজুরি সমস্যায় স্ট্রাইক বোলার ডেইল স্টেইন ও মরনে মরকেলকে ছাড়াই মাঠে নামতে হতে পারে দক্ষিণ আফ্রিকাকে।
দলের কোচ গ্যারি কারস্টেন শুক্রবার জানিয়েছেন, পাঁচ ম্যাচ সিরিজে আগামী শুক্রবার দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন স্টেইন। আর মরকেল হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠেননি।
কারস্টেন বলেন, ‘নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ডেইল প্রায় ১৮০ ওভার বোলিং করেছে এবং বোলিংয়ে আমাদের রোটেশন পলিসি অনুযায়ী সব সময়ই প্রথম ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয়।’ তিনি আরও বলেন, ‘আমরা মরকেলের ফিটনেসের জন্য অপেক্ষা করছি। যদি যথাসময়ে সে ফিটনেস ফিরে না পায় তাহলে এ পর্যায়ে পরীক্ষা করার জন্য অন্য কাউকে সুযোগ দিতে এটাকে আমাদের ইতিবাচক হিসাবেই নিতে হবে।’
বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে প্রোটিয়ারা। আর প্রচণ্ড প্রতিযোগিতামূলক এই র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান ষষ্ঠ। আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য পরবর্তী টেস্ট সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা ২০টির মতো একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে। এ সম্পর্কে কারস্টেন বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে, এই সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকার সামনে অনেকগুলো ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ আসছে। এটা ওয়ানডে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। পাকিস্তানের বিপক্ষে সিরিজের পরে দক্ষিণ আফ্রিকার সামনে অপেক্ষা করছে জুনে ইংল্যান্ডের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।’ আর এসব সিরিজকে সামনে রেখে সামপ্রতিক সময় বড় কোন টুর্নামেন্টে দলের শিরোপা না জেতার বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন কারস্টেন। যদিও কারস্টেনের অধীনে দক্ষিণ আফ্রিকা ১০টি ওয়ানডে ম্যাচে জিতে পরাজিত হয়েছে আটটিতে। অবশ্য পরিসংখ্যান নিয়ে খুব একটা চিন্তিত হচ্ছেন না কোচ। কারণ আন্তর্জাতিক সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকাকে বেশি টেস্ট খেলতে হচ্ছে বলে ওয়ানডেতে অনেক সময় মনোনিবেশ করা সম্ভব হচ্ছে না। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেট নিয়েও তিনি খুব একটা চিন্তিত নন। রবিবার সেঞ্চুরিয়ানে পাকিস্তানের কাছে ৯৫ রানে পরাজিত হয়ে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে দক্ষিণ আফ্রিকার।
দক্ষিণ আফ্রিকা: এবিডি ভিলিয়ার্স (অধিনায়ক/উইকেটরক্ষক), কেইল অ্যাবোট, হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, ফাফ ডু পে¬সিস, কোলিন ইংগ্রাম, রোরি ক্লেইনভেলডেট, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, মর্নে মরকেল, রবিন পিটারসন, এ্যারোন ফানগিসো, গ্রায়েম স্মিথ, ডেল স্টেইন, লোনওয়াবো টিসোটসোবে।
পাকিস্তান: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ, আসাদ শফিক, ইউনিস খান, শোয়েব মালিক, কামরান আকমল (উইকেটরক্ষক), উমর আকমল, শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, ওয়াহাব রিয়াজ, উমর গুল, ইমরান ফরহাত, আব্দুর রেহমান। - বাসস/এএফপি