রাজারহাটে তিস্তার বালুচরে বিপ্লব ঘটিয়েছে কৃষক

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার বালু চরে দরিদ্র কৃষকরা কৃষি বিপ্লব ঘটিয়েছে। এক সময় তিস্তা নদী ছিল দুঃখের কারণ। এখন সেই তিস্তার বুকে বিভিন্ন ফসল ফলিয়ে অভাব দূর করছেন কৃষক। অক্লান্ত পরিশ্রমে অসম্ভবকে সম্ভব করে আয়ের স্বপ্ন দেখছে নদী ভাঙ্গা সর্বহারা শত শত পরিবার। নদীর বুকে জেগে উঠা পরিত্যক্ত বালু চরে ফসল বুনে ঘরে তুলছে খেটে খাওয়া মানুষ। তিস্তার বালু চরে পলি মাটি জমে ওইসব চর এখন উর্বর আবাদি জমিতে পরিণত হয়েছে। বালুচরে আলু, বেগুন, পিঁয়াজ, বাদাম, মরিচ, শসা, কুমড়া চাষ করে সবুজে ভরে তুলেছে কৃষকরা। চরের চাষী রফিকুল ইসলাম জানান, বালু চরে কোন ফসল ফলানো যাবে এটা ভাবতেই পারিনি। এখন বালুচরে ফসল রোপণ করে অভাবের সংসারে সচ্ছলতা এনেছি। প্রতি বছর বাড়ছে চরের পরিধি। সেই সঙ্গে বাড়ছে ফলন। লাভের টাকা হাতে পেয়ে স্বাবলম্বী হচ্ছে কৃষক।