খরচ বাড়ায় ঠাকুরগাঁওয়ে বোরো চাষে কৃষকের অনীহা

গত কয়েক মৌসুম ধরে ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ ঠাকুরগাঁও অঞ্চলের চাষিরা। এবার মৌসুমের ঠিক আগ মুহূর্তে আরেক দফা জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ায় বিপাকে পড়েছে বোরো চাষিরা। ঠাকুরগাঁওয়ের মাঠে মাঠে শুরু হয়েছে বোরোর জমি তৈরির কাজ। এ বছর জেলায় প্রায় ৬০ হাজার ৮০২ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা স্থির হলেও মৌসুমের শুরুতেই আরেক দফা ডিজেলের দাম বাড়ায় বাড়তি খরচের চাপে দিশেহারা কৃষক। কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলায় চলতি মওসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৮০২ হেক্টর জমিতে। গত মওসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬৭ হাজার ৫৫৪ হেক্টর জমিতে। আর আবাদ হয়েছিল ৭০ হাজার ৪৫০ হেক্টর জমিতে। এর পাশাপাশি গত কয়েক মৌসুমে ধানের কাঙ্ক্ষিত দর না পাওয়ায় হতাশ হয়ে অনেক চাষিই জমি পতিত ফেলে রেখেছেন। তবে নানা সমস্যা সত্ত্বেও এবার জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে দাবি করেছে কৃষি বিভাগ। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলায়েত হোসেন বলেন, ডিজেল ও সারের দাম বেড়ে যাওয়ায় কৃষক শঙ্কিত। তারপরও এই মৌসুমের বোরো ধানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করা হচ্ছে। বিদ্যুত্ সময় মত না পাওয়ায় শ্যালো মেশিন দিয়ে সেচ দিতে বাধ্য হচ্ছে কৃষক। জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ায় চলতি মৌসুমেই অন্তত সাড়ে আঠারো কোটি টাকা বাড়তি খরচের চাপে পড়েছে জেলার কৃষকরা।