ঘোষণা সত্ত্বেও নেত্রকোনা মহিলা কলেজে অনার্স কোর্স চালু হয়নি

প্রধানমন্ত্রীর ঘোষণার তিন বছর পার হতে চললেও নেত্রকোনা সরকারি মহিলা কলেজে এখন পর্যন্ত কোন বিষয়েই অনার্স কোর্স চালু করা হয়নি। অথচ ২০১০-২০১১ শিক্ষাবর্ষে নেত্রকোনা সরকারি মহিলা কলেজে অনার্স কোর্স চালুর কথা ছিল। অনার্স কোর্স চালু নিয়ে ডিজির অফিস আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে টাগ অব ওয়ার চলছে। অনার্স কোর্স চালু না হওয়ায় অনেক মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করার পর এ কলেজে আর পড়ার সুযোগ পাচ্ছে না। অনেকেই লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। এদিকে নেত্রকোনার হাওর উপজেলা খালিয়াজুরীর কৃষ্ণপুর হাজী আলী আকবর পাবলিক ডিগ্রি কলেজে বাংলায় অনার্স কোর্স চালু করা হয়েছে এবং সেখানে অনার্সে এবার ভর্তিও শুরু হবে। কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের নিকট প্রেরিত চিঠিতে বলা হয়েছে, মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স কোর্স চালু করতে হলে বা এ বিষয়ে অধিভুক্তির লক্ষ্যে প্রতিটি বিষয়ে ৭ জন করে শিক্ষকের পদ সৃষ্টি করতে হবে এবং পদ সৃষ্টি করে পুনরায় আবেদন করতে হবে। কিন্তু কলেজে তা না থাকায় অনার্স কোর্স চালু করতে দেয়া হচ্ছে না বলে জানা গেছে। এদিকে নতুন পদ সৃষ্টির জন্যও শিক্ষা বিভাগ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। অনার্স কোর্স চালুর জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি দিলেও জাতীয় বিশ্ববিদ্যালয় উল্লিখিত বিষয়গুলোর জন্য শিক্ষকের পদ সৃষ্টি না হলে অনার্স কোর্স চালুর অনুমতি দিবে না বলে কলেজ কর্তৃপক্ষকে সাফ জবাব দিয়েছে। নেত্রকোনা সরকারি মহিলা কলেজে বাণিজ্য শাখা নেই। ফলে উক্ত বিষয়ে মেয়েরা এই কলেজে বাণিজ্য শাখায় ভর্তি হতে পারছে না। বাণিজ্য শাখা খোলার জন্য মন্ত্রণালয়ে কলেজ কর্তৃপক্ষ অনুমতি চাইলেও প্রয়োজনীয় শিক্ষকের অভাবে বাণিজ্য শাখা খোলা সম্ভব হচ্ছে না। পদ সৃষ্টি করা না হলে বাণিজ্য শাখা খোলা যাবে না বলে কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে। নেত্রকোনার একমাত্র সরকারি মহিলা কলেজে ছাত্রীদের লেখাপড়ার সুবিধার্থে অনার্স কোর্স চালু করার জন্য অভিভাবক, শিক্ষার্থীসহ নেত্রকোনার সর্বশ্রেণির জনসাধারণ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।