নাঙ্গলকোট পার্কটি এখন গো-চারণ ভূমি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ পার্কটি এখন গো-চারণ ভূমিতে পরিণত হয়েছে। ফলে কোমলমতি শিশু-কিশোরদের বিনোদনের কোন সুযোগ নেই। শিশুরা বিনোদন করতে না পেরে অবসর সময়টুকু ঘরে আবদ্ধ থাকছে। এতে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে ব্যাঘাত ঘটছে। নাঙ্গলকোট উপজেলায় চিত্তবিনোদনের কোন ব্যবস্থা দীর্ঘদিনেও গড়ে ওঠেনি। উপজেলা প্রতিষ্ঠাকালে শিশুদের চিত্তবিনোদনের জন্য পরিষদের ভেতরে একটি পার্ক নির্মাণ করা হয়। কিন্তু পার্কটি নির্মাণের ২৮ বছরেও এটির মানোন্নয়নে কোন ব্যবস্থা নেয়া হয়নি। অযত্ন-অবহেলায় পার্কটির অস্তিত্ব বিলীন হবার পথে। পার্কের সীমানা প্রাচীর ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। খেলনাগুলোর অধিকাংশই ভাঙাচুরা। বর্তমানে পার্কটি এলাকাবাসীর গো- চারণ ভূমিতে পরিণত হয়েছে। এলাকাবাসী জরুরি ভিত্তিতে পার্কটি সংস্কার করে কোমলমতি শিশুদের চিত্তবিনোদনের সুযোগ সৃষ্টি করার জোর দাবি জানান।