খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতাল

অপারেশন করতে গিয়ে দৃষ্টিশক্তি হারালো ২০ প্রবীণ

খুলনার শিরোমনিতে অবস্থিত বিএনএসবি চক্ষু হাসপাতালে চোখের অপারেশন করতে গিয়ে ভুল চিকিত্সার শিকার হয়ে কুষ্টিয়া মিরপুর উপজেলার ২০ জন প্রবীণ ব্যক্তি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে বলে খবর পাওয়া গেছে। ফাংগাস ইনফেকশন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছেন। জানা যায়, প্রতিবছরের ন্যায় চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি কুষ্টিয়ার মিরপুরে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থা মহিলা ডিগ্রী কলেজে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে। খুলনার বিএনএসবি হাসপাতালের চিকিত্সক এখানে আগত রোগীদের মধ্যে ১১১ জনকে মনোনীত করে হাসপাতালের নিজস্ব গাড়িতে করে খুলনার শিরোমনি নামকস্থানে অবস্থিত তাদের হাসপাতালে নিয়ে চোখের অপারেশন করে। অপারেশন শেষে দুইদিন পর আবার হাসপাতালের গাড়িতেই রোগীদের মিরপুরে পৌঁছে দেয়া হয়। বাড়িতে পৌঁছানোর একদিন পর ১১১ জনের মধ্যে ২০ জন রোগীর চোখে তীব্র যন্ত্রণা দেখা দিলে আয়োজক ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আবারো তাদের খুলনায় পাঠানো হয়। যন্ত্রণাকাতর ২০ রোগীর অবস্থা দেখে তারা ‘ফাংগাল’ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ ধারণা করেন। হাসপাতালের সহকারী পাবলিক রিলেশন অফিসার রেজা মুঠোফোনে জানান, অপারেশনের পর রোগীদের সুস্থ অবস্থায় বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। তারপরও কিভাবে এমন ঘটনা ঘটলো সে ব্যাপারে বিস্তারিত জানতে অপারেশন থিয়েটারের ৩২টি ইন্সট্রুমেন্ট পরীক্ষার জন্য ঢাকার আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে। বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজক ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবক সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল হক জানান, গত ৪ বছরে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থা প্রায় ৫শ’ রোগীকে খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের মাধ্যমে অপারেশন করা হলেও এমন ঘটনা এর আগে ঘটেনি।