জাইকার সঙ্গে চুক্তি আজ

এ সরকারের মেয়াদেই গোমতী মেঘনা ও কাঁচপুরে বিকল্প সেতুর কাজ শুরু

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের সময়েই গোমতী, মেঘনা ও কাঁচপুরে তিনটি বিকল্প সেতুর নির্মাণ কাজ শুরু হবে। আজ রবিবার সকালে এ বিষয়ে জাইকার সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষরিত হবে। সেতু তিনটির নির্মাণ ব্যয় হবে ৯ হাজার কোটি টাকা। এর মধ্যে জাইকা ৭ হাজার কোটি ও বাংলাদেশ সরকার ২ হাজার কোটি টাকা দেবে। শনিবার দাউদকান্দির শহীদনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কুমিল্লা অংশের ২১ কিলোমিটার কাজের কার্পেটিং উদ্বোধনকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। যোগাযোগমন্ত্রী আরও জানান, আগামী ১৩ জুনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কুমিল্লা অংশের ৪২ কিলোমিটার কাজের কার্পেটিং কাজ সম্পন্ন হবে। ১৫ থেকে ২১ মার্চ মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর সংস্কার কাজও শেষ করা হবে।