আদালতের রুল জারির দুইদিন অতিবাহিত

আওয়ামী লীগ সমর্থকদের তওবা পড়ানোর হোতাদের কেউ গ্রেফতার হয়নি

আদালতের রুল জারির ২ দিন অতিবাহিত হলেও আওয়ামী লীগ সমর্থক মুসলমানদের তওবা পড়িয়ে নতুন করে মুসলমান বানানোর হোতাদের কেউ এখনো গ্রেফতার হয়নি। তারা তওবা গ্রহণকারীদের হত্যার হুমকি দিচ্ছে। তওবা গ্রহণকারীরা প্রাণের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তারা মুখ খুলছেন না। থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আদালতের রুল জারির খবর ইত্তেফাকের অনলাইনসহ টিভিতে প্রচারের পর থেকে তওবা প্রদানকারীরা বাড়ি ছেড়ে পালিয়েছে। তওবা প্রদানকারী কামদিয়া কলেজের প্রভাষক সুকানপুকুর গ্রামের মো. আজিজুল হক, ফতেহপুর মাদ্রাসার শিক্ষক সাবেক ইউপি সদস্য সেকেন্দার আলী, ইউনিয়নের জামায়াত নেতা খয়বর আলী ও শিরট্টি মাদ্রাসার কর্মচারী মাওলানা আশরাফ আলী তওবাকারী ও তাদের পরিবারের লোকজনকে নানা প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আদালতের রুল জারি প্রসঙ্গে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আদালতের কোন নির্দেশনা এখনো হাতে পাইনি। আটককৃতরা এ তালিকায় আছে কিনা বলতে পারছি না। উলে¬্লখ্য, গত ৩ ও ৪ মার্চ পাঁচবিবি উপজেলার জামায়াত-বিএনপি অধ্যুষিত গ্রাম আওলাই ইউনিয়নের ভারাহুত গ্রামে আওয়ামী লীগ সমর্থক ১৬ জনকে ধরে মসজিদে নিয়ে তওবা পড়িয়ে নতুনভাবে মুসলমান হতে বাধ্য করা হয়।