কক্সবাজারে দুই নারী ইউপি সদস্য ইয়াবা ট্যাবলেটসহ আটক
প্রকাশ : ০৯ মার্চ ২০১৩, ২২:০১
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে শুক্রবার রাতে একটি বাসে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা ২ হাজার ৮৭৮ পিস ইয়াবা ট্যাবলেট ২ নারী ইউপি সদস্যাসহ ৩ মাদক পাচারকারী নারীকে আটক করেছে। গতকাল শনিবার পুলিশে সোপর্দ করা হলে পুলিশ ৫ দিনের রিমান্ড প্রার্থনা করে তাদের আদালতে পাঠায়। আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
আটককৃতরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ও টেকনাফ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মদিনা আকতার মর্জিনা (২৮), একই ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার আনোয়ারা বেগম (৪৫) ও তাদের সহযোগী নীলু আকতার নীলু (২৫)।
কক্সবাজারস্থ ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, শুক্রবার রাতে বিজিবি সদস্যরা ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে কয়েক মহিলা যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের মহিলা আনসার দিয়ে তল্লাশি করা হয়। এ সময় ৩ নারীর কাছে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তিনি জানান, আটক ৩ নারীর মধ্যে ২ জন ইউপি সদস্যা। তাদের শনিবার রামু থানায় সোপর্দ করা হয়েছে। মামলা হয়েছে।