লাকসামে এক সংখ্যালঘুর বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৯ মার্চ ২০১৩, ২২:০২
কুমিল্লার লাকসামে গত শুক্রবার গভীর রাতে এক সংখ্যালঘুর বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। উত্তরদা ইউপির গ্রামের অ্যাডভোকেট নিতাই চন্দ্র দাসের ভাই কুয়েত প্রবাসী রতন চন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় সেমিপাকা ঘরের ৪টি কক্ষের সকল আসবাবপত্র, দলিলপত্রাদি, স্বর্ণলংকার, নগদ টাকা ও স্কুল কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বইসহ প্রায় ৩০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সংবাদ পেয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোখলেছুর রহমান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহগীর আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়েরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে স্থানীয় এমপি’র পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ১০ হাজার টাকা অনুদান দেয়া হয়।