ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে আওয়ামী লীগ

বিএনপি-জামায়াতের তাণ্ডবের প্রতিবাদে আগামী ১৮ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সমাবেশ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। গতকাল শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে ঢাকা মহানগর সংলগ্ন জেলা নেতৃবৃন্দের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ সমাবেশে ঢাকা ও ঢাকার আশপাশের জেলার নেতা-কর্মীরা অংশগ্রহণ করবেন। যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্ন স্থানে জামায়াতি তাণ্ডব এবং বিরোধী দলের আন্দোলনের মধ্যে ঢাকায় নিজেদের শক্তি তুলে ধরতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে। বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের বলেন, জামায়াত-পুলিশ সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শিগগিরই আওয়ামী লীগ নেতারা যাবেন। এ জন্য এলাকাভিত্তিক বেশ কয়েকটি টিম গঠন করা হয়েছে। জামায়াত-শিবির মোকাবেলায় এলাকাভিত্তিক সফরের পাশাপাশি সারাদেশের মসজিদের ইমামদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিগত কয়েকদিনে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সহিংসতা চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরের উপর হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে প্রাধান্য দিয়ে এ সফর করবে আওয়ামী লীগ। চলতি মাসে এসব সফর করা হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে। মাহবুব-উল-আলম হানিফ জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে প্রতিনিধি দলগুলো গঠন করা হয়েছে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বে বগুড়া, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে জয়পুরহাট, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রামের সাতকানিয়ায়, উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের নেতৃত্বে কক্সবাজার, প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরের নেতৃত্বে নোয়াখালী সফর করবে প্রতিনিধি দল। এছাড়া প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে রংপুর, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে সাতক্ষীরা-খুলনা, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বে রাজশাহী, উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত ও সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে সিলেটের ক্ষতিগ্রস্ত এলাকা সফর করবে এসব প্রতিনিধি দল। হানিফ বলেন, সফর শেষে এসব প্রতিনিধি দলের দেয়া রিপোর্ট অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, অপরাধীদের শাস্তির আওতায় আনাসহ বিভিন্ন ব্যবস্থা নিবে দলটি। হানিফ বলেন, শুক্রবার শাহবাগের বোমা হামলার জন্য বিএনপি ও জামায়াত দায়ী বলে মানুষ মনে করে। বৈঠবে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম প্রমুখ। জেলা নেতাদের মধ্যে ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াত্ আইভী, জেলা আওয়ামী নেতা শামীম ওসমান, গাজীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজমত উল্লাহসহ মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতারা।