বিশ্বনাথে এক শিবির নেতাকে ছাড়ালেন আওয়ামী লীগ নেতা

সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের কাছ থেকে গতকাল শনিবার ছাত্র শিবিরের এক নেতাকে ‘টাকার বিনিময়ে’ এক আওয়ামী লীগ নেতা ছাড়িয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছাড়িয়ে নেয়া ছাত্র শিবির নেতার নাম রুবেল মিয়া (১৮)। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাবড়া (রমজানপুর) গ্রামের হুসিয়ার আলীর ছেলে। উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদাল মিয়া গতকাল মুচলেকা দিয়ে গ্রেফতারকৃত ছাত্র শিবির নেতা রুবেলকে ছাড়িয়ে নিয়েছেন। আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে টাকার বিনিময়ে ছাত্র শিবির নেতা রুবেলকে ছাড়িয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বনাথ থানার একদল পুলিশ গত শুক্রবার রাতে নির্দিষ্ট অভিযোগ ছাড়াই শিবির নেতা রুবেল মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অবশেষে পুলিশ আওয়ামী লীগ নেতাদের কাছ মোটা অংকের টাকা আদায় করে গ্রেফতার করা ছাত্র শিবির নেতা রুবেলকে যুবলীগ নেতা বানিয়ে ছেড়ে দেয়া হয়। বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক জিয়াউদ্দিন উজ্জল বলেন, দোকানপাট নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রুবেল মিয়াকে থানায় নিয়ে আসা হয়। স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি করার আশ্বাসের পর তাকে দৌলতপুর ইউপি ও আওয়ামী লীগের সভাপতির জিম্মায় দেয়া হয়েছে। টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ সত্য নয় বলে তিনি জানিয়েছেন। দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদাল মিয়া বলেন, রুবেল যুবলীগের রাজনীতির সাথে জড়িত। টাকার বিনিময়ে রুবেলকে ছাড়িয়ে নেয়ার অভিযোগ মিথ্যা। পুলিশ আমার জিম্মায় তাকে ছেড়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা জামায়াতের শীর্ষ এক নেতা বলেন, রুবেল মিয়ার গ্রেফতারের খবর পেয়ে আদালতে জামিন নেয়ার ব্যবস্থা করতে এলে জানতে পারি পুলিশ দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদাল মিয়া কাছ থেকে টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন।