গফরগাঁওয়ে যুবলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

গফরগাঁওয়ে যুব-লীগ নেতা মোবারক হোসেনকে এলো-পাতাড়ি কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। উপজেলার রসুলপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোবারক হোসেন শুক্রবার রাত ৮টার দিকে ভরভরা নতুন বাজারে একটি দোকানের ভিতর সন্ত্রাসীদের হাতে নিহত হন। হত্যার কারণ বের করতে পারেনি পুলিশ। কেউ গ্রেফতার হয়নি। মোবারকের বাড়িতে চলছে শোকের মাতম। মোবারকের স্ত্রী রাশিদা আক্তার বার বার মূর্ছা যাচ্ছেন। গতকাল শনিবার সারাদিন ভরভরা নতুন বাজারের সকল দোকান বন্ধ ছিল। ব্যবসায়ী ও এলাকাবাসী মোবারক হত্যার বিচারের দাবিতে মিছিল করেছে। নিহত মোবারকের একমাত্র সন্তান পঞ্চম শ্রেণির ছাত্রী তানজিন আক্তার (১০) বাড়ির অন্যসব ছেলে-মেয়ের সাথে বাবার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মিছিল করেছে। নিহতের স্ত্রী রাশিদা আক্তার জানান, তার স্বামীকে বেশ কয়েকদিন যাবত্ সন্ত্রাসীরা মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়ে আসছিল। শুক্রবার রাত ৮টার দিকে মুখে গামছা বাঁধা ১৫/২০ জনের একদল সশস্ত্র লোক ভরভরা নতুন বাজারে প্রবেশ করে। এ সময় বাজারে উপস্থিত ব্যবসায়ী ও লোকজন ডাকাত ডাকাত বলে চিত্কার করতে করতে বাজার ছেড়ে চলে যায়। সন্ত্রাসীরা বাজারের আব্দুস সাত্তারের চা স্টলে বসা রসুলপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোবারক হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণও করে। চা স্টলের মালিক আব্দুস সাত্তার ও তার ছেলে রাসেল পলাতক। মোবারকের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গফরগাঁও থানার ওসি (তদন্ত) রিফাত খান রাজীব জানান, যেহেতু ঘটনার সময় হত্যাকারীদের মুখ গামছায় বাঁধা ছিল, সেজন্য নিহতের পরিবারকে হত্যাকারীদের সনাক্ত করে দোষীদের নামে এজাহার করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।