উত্তরায় গণজাগরণ মঞ্চের সমাবেশ আজ

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তিসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন অব্যাহত রয়েছে। দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার বিকালে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের চৌরাস্তায় সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একইসাথে ছয় দফার পক্ষে গণস্বাক্ষর চলছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। গত ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্দোলন গতকাল শনিবার ৩৩ দিন পার করল। গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আমিনুল ইসলাম পলাশ জানান, গত ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচিতে গতকাল পর্যন্ত শুধু শাহবাগেই সাড়ে পাঁচ লাখ মানুষ গণস্বাক্ষর করেছেন। দেশের সকল জেলায় গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। ২২ মার্চ পর্যন্ত এ কর্মসূচি চলবে। এরপর ছয় দফার পক্ষে জনগণের স্বাক্ষর সংবলিত পত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পেশ করা হবে। গতকাল বিকাল পর্যন্ত শাহবাগের মঞ্চে কোনো কর্মসূচি পালিত হয়নি। বিকাল পাঁচটার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। উদীচী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানে সঙ্গীত এবং প্রতিবাদী গান পরিবেশন করে। এসময় যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ বিভিন্ন দাবিতে শ্লোগান দেন তরুণ-জনতা। গত শুক্রবারের নারী জাগরণী সমাবেশ চলাকালীন মঞ্চের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগতদের বিচ্ছিন্নভাবে তল্লাশি করে মঞ্চস্থলে প্রবেশ করতে দিচ্ছে পুলিশ। স্থাপন করা হয়েছে মেটাল ডিটেক্টর প্রবেশপথ। র্যাব ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য শাহবাগে দায়িত্ব পালন করছে। গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, শাহবাগের পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। গোটা এলাকায় নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। পুলিশ ২৪ ঘণ্টা সতর্ক রয়েছে। মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসু জানান, আজ বিকাল তিনটায় উত্তরার ১১ নম্বর সেক্টরের চৌরাস্তায় গণজারণ মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত শুক্রবার ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঐ কর্মসূচির অংশ হিসেবে ১৩ মার্চ সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল-সমাবেশ, একই দিন বিকাল তিনটায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে মহাসমাবেশ, ১৫ মার্চ বিকাল ৩টায় আশুলিয়ায় সমাবেশ এবং ১৬ মার্চ সকাল ১১টায় জামায়াত-শিবিরের নৃশংসতার প্রতিবাদে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হবে।