বিমানের নতুন এমডি হচ্ছেন কেভিন স্টিল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হচ্ছেন বৃটিশ নাগরিক কেভিন স্টিল। আগামী ১৭ মার্চ তিনি কাজে যোগ দিবেন। তার মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৭ লাখ টাকা। এছাড়া বাসস্থান হিসেবে তাকে রাজধানীর অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া করে দেয়া হবে। বিমানের পরিচালনা পর্ষদের সাম্প্রতিক সভায় নতুন এমডি ও সিইও নিয়োগের সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ভরযোগ্য সূত্র জানায়, অনুমোদিত বেতন-ভাতার বাইরেও লোকসান কাটিয়ে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হলে কেভিন স্টিল প্রতিবছর বোনাস সুবিধা পাবেন। তাকে আন্তর্জাতিক রুটে যাতায়াতের জন্য বছরে ১২টি ফ্রি টিকিট দেয়া হবে। জাতীয় পতাকাবাহী ‘বিমান’ প্রতিষ্ঠার পর এই প্রথম ব্যবস্থাপনা পরিচালক পদে একজন বিদেশি নাগরিককে নিয়োগ দেয়া হলো। দেশে কোন সরকারি কোম্পানিতে প্রধান নির্বাহী পদে বিদেশি কোন নাগরিকের নিয়োগ এই প্রথম। এক বছর আগে বিমানের এমডি ও সিইও পদ থেকে জাকিউল ইসলাম পদত্যাগ করেন। এরপর বিমানের পরিচালক মুসাদ্দিক আহমেদ ভারপ্রাপ্ত এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শূন্য পদটি পূরণের জন্য বিমান দুই দফা নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে। দেশি ও বিদেশি ৪২ জন প্রার্থী এই পদে নিয়োগ লাভের জন্য আবেদন করেন। তার মধ্যে নয় জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। পরে দুইজনের সাক্ষাত্কার গ্রহণ শেষে কেভিন স্টিলের নিয়োগ চূড়ান্ত করা হয়। সাক্ষাত্কারের সময় কেভিন স্টিল বিমানের কাছে মাসিক বেতন হিসেবে ২২ লাখ টাকা চেয়েছিলেন। কেভিন স্টিলের ব্রিটিশ এয়ারওয়েজসহ বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। উল্লেখ্য, বিমান অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গতবছর সংস্থাটি ৬০৬ কোটি টাকা লোকসান দেয়। এই লোকসানের জন্য বিমানের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাকে দায়ী করা হয়।