মিঠাপুকুরে স্বামীর দেওয়া আগুনে পুড়ে যাওয়া গৃহবধূর মৃত্যু

মিঠাপুকুরে যৌতুকের টাকা না দেওয়ায় স্বামীর দেওয়া আগুনে পুড়ে যাওয়া সেই গৃহবধূ মারা গেছেন। প্রায় শতভাগ পোড়া শরীর নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল ১১ টার দিকে মারা যান গৃহবধূ তন্নী আক্তার (২৪)। এ ঘটনায় স্বামী ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী ওয়াসিম মিয়ার সঙ্গে ৫ বছর আগে খোর্দ্দ মহদীপুর গ্রামের আবদুর রশিদের মেয়ে তন্নী আক্তারের (২৪) বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ৩ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তন্নীকে নির্যাতন করে আসছে স্বামী। সম্প্রতি ওয়াসিম মিয়া বাবার বাড়ি থেকে এক লাখ টাকা আনতে চাপ দেয় তন্নীকে। কিন্তু গরীব বাবার সংসার থেকে টাকা আনতে অস্বীকৃতি জানানো বৃহস্পতিবার বিকেলে তন্নীকে বেধড়ক মারপিট করে। এরপর তার শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। 

আশপাশের লোকজন মুমূর্ষ অবস্থায় তন্নীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চার দিন আইসিইউ-তে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার বেলা ১১ টার দিকে মৃত্যু বরণ করেন তিনি। 

রংপুর মেডিকেল কলেজের আইসিইউ বিভাগের প্রধান মারুফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই গৃহবধূর চাচা আবদুল মতিন বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা করেছেন। পুলিশ স্বামী ওয়াসিমকে গ্রেফতার করেছে। 

আরও পড়ুন: বাঁশখালীতে ‌‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, ‌‘গৃহবধূর শরীরে আগুন দেওয়ার ঘটনায় ইতোমধ্যে স্বামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।’

ইত্তেফাক/কেকে