শাহবাগে ককটেল বিস্ফোরণে
১৪ জনকে জিজ্ঞাসাবাদ
র্যাবের মামলা দায়ের
প্রকাশ : ০৯ মার্চ ২০১৩, ২২:২৯
রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরের কাছে শুক্রবার ককটেল বিস্ফোরণের ঘটনায় র্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় নাম উল্লেখ করে কাউকে আসামি করা হয়নি। শুক্রবার রাতেই শাহবাগ থানায় এ মামলা করেন র্যাব ৩ এর হাবিলদার গোলাম মাওলা। ঘটনার পর সাংবাদিকসহ ১৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে মহানগর গোয়েন্দা পুলিশ। ১৪ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। এদের মধ্যে ৩ জনকে শুক্রবার রাতেই ছেড়ে দেয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন অনলাইন সংবাদপত্র নতুন বার্তার দুজন রিপোর্টার।
শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘর ও পূবালী ব্যাংকের মাঝের সড়কে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে র্যাব-৩ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) জালাল উদ্দিন আহত হন।
মহানগর গোয়েন্দা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, যাদেরকে আটক করা হয়েছে তাদের সবকিছু যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। পর্যায়ক্রমে তাদেরকে ছেড়ে দেয়ার প্রক্রিয়া চলছে। তিনজনকে শুক্রবার রাতেই ছেড়ে দেয়া হয়েছে। যাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, তাদের মধ্যে কেউ জড়িত কী না এখনও নিশ্চিত হওয়া যায়নি। শাহবাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) এমএ জলিল জানান, আটককৃতদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে এ মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।