জামায়াত-শিবির রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে :ড. মিজান

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, জামায়াত-শিবির রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাঁশখালীতে চালানো জামায়াত-শিবিরের তাণ্ডবকে তিনি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর চরম আঘাত বলে মন্তব্য করে বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াতকে নিষিদ্ধ করতে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের বাঁশখালীতে জামায়াত-শিবিরের তাণ্ডবে ক্ষত-বিক্ষত বাঁশখালী আদালত, উপজেলা পরিষদ কমপ্লেক্স ও সংখ্যালঘুদের বসতবাড়ি ও মন্দির পরিদর্শনকালে তিনি একথা বলেন। পরিদর্শনকালে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন তাণ্ডব চালানোর সময় প্রশাসন কোন সহযোগিতা করেনি বলে জানালে তিনি প্রশাসনের আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, সংখ্যালঘুরা রাষ্ট্রের আমানত। বাঁশখালীতে জামায়াত-শিবির যে তাণ্ডব চালিয়েছে তাকে তিনি ভয়াবহ বলে উল্লেখ করেন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, জেলা পুলিশ সুপার কেএম হাফিজ আক্তার, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে চট্টগ্রাম অফিস জানায়, গতকাল বিকালে ড. মিজান চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি বলেন, অবস্থাদৃষ্টে মনে হয়, এ হামলা বিশেষ একটি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট যারা জঙ্গিবাদের মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে প্রতীয়মান হয়। কেননা যে লক্ষ্যবস্তুতে তারা আঘাত হেনেছে তা দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি। তিনি আরো বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের আঘাত বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চেতনাকে কালিমা লিপ্ত করেছে, যা সাম্প্রদায়িকতাকে উষ্কে দেয়ার মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনাকে ক্ষতিগ্রস্ত করছে। রাষ্ট্র ও সরকার এই ধরনের উস্কানিমূলক, সাম্প্রদায়িক তত্পরতার বিরুদ্ধে নির্লিপ্ত থাকতে পারে না। এ আক্রমণের ফলে ৩০ বছরের পুরনো অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দলিল ভস্মীভূত হয়েছে। এছাড়া হাজার হাজার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিষয়ে পাঠ্যপুস্তকও পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন। গতকাল শনিবার বিকালে জাতীয় পার্টির কেন্দ ীয় নেতা চট্টগ্রামের সাবেক মেয়র ও সাবেক এমপি আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরীও বাঁশখালীর ক্ষত-বিক্ষত আদালত ও সংখ্যালঘুদের মন্দির এবং বসতবাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় বাঁশখালী উপজেলা জাপার সভাপতি অ্যাডভোকেট আবদুল ওয়াহাব, সম্পাদক ইব্রাহিম আল-হোসাইন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট দিলীপ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।