মতিঝিলে ককটেল ফাটিয়ে
শিবিরের ঝটিকা মিছিল
গাড়ি ভাংচুর, আটক ৫
প্রকাশ : ০৯ মার্চ ২০১৩, ২২:৩১
রাজধানীর মতিঝিলে জামায়াত-শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে গতকাল শনিবার বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি গাড়িতে ভাঙচুরের চেষ্টা চালায় তারা। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিলের বিমান অফিসের কাছে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে গেলেও পরে আবার জড়ো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মতিঝিলের সিটি টাওয়ারের পাশের একটি গলি থেকে ঝটিকা মিছিল বের করে শিবিরকর্মীরা। মিছিলটি প্রধান সড়কে আসার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোঁড়ে। মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সিটি টাওয়ারের গলি থেকে জামায়াত-শিবিরকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা মিছিল করতে পারেনি। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় পাঁচ শিবিরকর্মীকে আটক করে পুলিশ। পরে পুলিশ আশেপাশের গলিতে ঢুকে তল্লাশি চালায়।