‘নাচো বাংলাদেশ নাচো’-এর গ্র্যান্ড ফিনালে আজ
প্রকাশ : ১০ মার্চ ২০১৩, ১৯:৫৫
আজ সন্ধ্যা ৭টায় বাংলাভিশনে সরাসরি সম্প্রচার হবে ‘নাচো বাংলাদেশ নাচো’র বর্ণাঢ্য চূড়ান্ত আয়োজন। হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেন থেকে অনুষ্ঠানটি প্রচারিত হবে। এই প্রতিযোগিতার মূল বিচারক নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী। লাকি সেভেনের সাত প্রতিযোগী হলেন ঢাকার মিম চৌধুরী ও আরিফ হোসেন শামীম, বরিশালের শফিকুল ইসলাম, চট্টগ্রামের সূচনা বনিক ও জয়ন্তী বনিক, দিনাজপুরের আনিকা আনান প্রমি এবং রংপুরের রিদিতা আলী রঙ্গন। প্রতিযোগিতায় প্রথম বিজয়ী পাবেন ৫ লক্ষ টাকা। দ্বিতীয় বিজয়ী পাবেন ৩ লক্ষ টাকা। তৃতীয় বিজয়ী পাবেন ১ লক্ষ টাকা এবং বাকি চারজন পাবেন ২৫ হাজার টাকা করে। উল্লেখ্য, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের অডিশন শেষে জাম্পকার্ড প্রাপ্তরা পরবর্তী পর্বে অংশগ্রহণ করে। গত বছরের ৬ মার্চ থেকে বাংলাভিশনে প্রচার শুরু হয় নাচ বিষয়ক রিয়েলিটি শো ‘নাচো বাংলাদেশ নাচো’। মোট ৭টি রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পরে লাকি সেভেন নির্বাচিত হয়। ৩য় রাউন্ডে মোট ৬০ জন প্রতিযোগী থেকে ৪র্থ রাউন্ডে যায় ৩৫ জন, ৫ম রাউন্ডে ২০ জন, ৬ষ্ঠ রাউন্ডে ১৪ জন, ৭ম রাউন্ডে ১০ জন। সেরা ১০ জন থেকে লাকি সেভেন নির্বাচিত হয়। লাকি সেভেনের সাত প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।