রাঙ্গুনিয়ার ইছামতি ও শিলক খালে অবৈধ বালু উত্তোলন
প্রকাশ : ১০ মার্চ ২০১৩, ২০:৪৮
রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি ও শিলক খালে বেপরোয়াভাবে অবৈধ বালু উত্তোলন চলছে। রাজানগর, পারুয়া, রাঙ্গুনিয়া ইউনিয়নের বিভিন্নস্থানে ইছামতির পাড়ে পাড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। পদুয়া, নারিচ্ছা, সুখবিলাস, ফলারিয়া এলাকায় শিলক খালেও চলছে একইভাবে অবৈধ বালু উত্তোলনের মহোত্সব। এখানেও বালু উত্তোলন কাজে চলছে ড্রেজার মেশিনের অবাধ ব্যবহার। যান্ত্রিক উপায়ে ব্যাপকহারে খাল থেকে বালু তোলার কারণে বিপন্ন হতে চলেছে পরিবেশ। বিভিন্ন স্থানে ভাঙ্গনের কবলে উভয় খালের অস্তিত্ব অনিশ্চিত হয়ে পড়ছে। সরকার দলীয় এবং প্রভাবশালী কতিপয় ব্যক্তির সিন্ডিকেট দুর্দান্ত দাপটে খাল থেকে বালু উত্তোলন করে চলছে নির্বিচারে। সরকারিভাবে ইজারা ছাড়াই এসব খালে বালু উত্তোলন চলছে নির্বিঘ্নে। এতে প্রতিবছর সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। চন্দ্রঘোনা - বান্দরবান সড়কের এই অংশে শিলক খালের পাড়ে পাড়ে বিশাল আকারের একাধিক বালুর স্তূপের উপর ট্রাকে বোঝাইয়ের পাশাপাশি চলমান ড্রেজারের নলে বালুু উত্তোলনের কার্যক্রম চলছে। প্রতিদিন শত শত ট্রাক বালু পাচার হচ্ছে এসব স্পট থেকে। ড্রেজার মেশিনে বালু উত্তোলনে খালে গভীর খাদ সৃষ্টিতে ভাঙ্গন দেখা দিয়েছে বিভিন্ন স্থানে। প্রকাশ, বালু পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে দাঁড়াতে সাহস পাচ্ছে না।