মোরেলগঞ্জে স্কুল চলে আকাশের নিচে
প্রকাশ : ১০ মার্চ ২০১৩, ২০:৪৯
আসবাবপত্রের চরম সংকট আর ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে বাগেরহাটের মোরেলগঞ্জ ২ নং উত্তর ফুলহাতা পশ্চিমপাড়া রেজি: প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা খোলা আকাশের নিচে ক্লাস করছে। ফলে বৃষ্টি হলে বাজাতে হয় ছুটির ঘণ্টা। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের বসার কোন বেঞ্চ ও শিক্ষকদের ব্যবহারের জন্য কোন চেয়ার টেবিল নেই। অপরদিকে ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে ছাত্র-ছাত্রীরা খোলা আকাশের নিচে ক্লাশ করছে। প্রকাশ শিক্ষকদের রুমসহ তিনটি ক্লাশ রুমই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ছাদের পলেস্তরা প্রতিনিয়ত খসে পড়ছে। এদিকে পার্শ্ববর্তী কেওড়া নদীর স্বাভাবিক জোয়ারে বিদ্যালয় মাঠ ডুবে যায়।